এ্যান্টিভাইরাস আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর

0

অর্থবাণিজ্য ডেস্ক :: বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর আবেদনের প্রেক্ষিতে এ্যান্টি-ভাইরাস আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শিগগির এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

সূত্র জানায়, এবারের বাজেটে ডাটাবেজ, অপারেটিং সিস্টেম ও ডেভেলপমেন্ট টুলের আমদানি শুল্ক পাঁচ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করা হয়েছে। প্রাক-বাজেট আলোচনায় বেসিস এ্যান্টিভাইরাসের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটি বিবেচনাতেও ছিল। কিন্তু অজ্ঞাত কারণেই এ্যান্টিভাইরাসের বিষয়টি বাজেটে বাদ গেছে। এখন বেসিসের আবেদনের প্রেক্ষিতে এ্যান্টিভাইরাসের শুল্ক কমানো হচ্ছে।

৫ জুলাই এনবিআরে পাঠানো বেসিসের চিঠিতে বলা হয়েছে, ‘সব ধরনের কম্পিউটার এবং সাইবার জগতের নিরাপত্তা বিধানে এ্যান্টিভাইরাস বা সিকিউরিটি সফটওয়্যার অনিবার্যভাবে ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশে কোনো ধরনের কম্পিউটার এ্যান্টিভাইরাস নিরাপত্তা বা সিকিউরিটি সফটওয়্যার উৎপাদিত হয় না। ফলে এ সব আমদানির কোনো বিকল্প নেই।’

সূত্র আরো জানায়, শুল্ক কমানোর বিষয়টিতে অর্থমন্ত্রী অনুমোদন দিয়েছে। এখন অধিকতর আইনি দিক খতিয়ে দেখতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় অনুমোদন দিলে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

প্রথম সিডিউল অনুযায়ী, এ্যান্টিভাইরাসের (এইচএস কোড ৮৫২৩.৪৯.২৯) চূড়ান্ত করভার ২৬ দশমিক ০৭ শতাংশ। এর মধ্যে আমদানি শুল্ক ৫ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ ও অগ্রিম ট্রেড ভ্যাট (এটিভি) ৪ শতাংশ।
এ্যান্টিভাইরাসের শুল্ক ৫ থেকে কমিয়ে ২ শতাংশ এবং আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট বাদ দেওয়া হলে এর মোট করভার হবে ৭ দশমিক ১৭ শতাংশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.