অর্থবাণিজ্য ডেস্ক :: রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক পাওয়ার, সোলার, রিয়েল এস্টেট ও কন প্রদর্শনীর দ্বিতীয় দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দর্শনার্থীদের উপস্থিতি। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোডসংলগ্ন বসুন্ধরা কনভেনশন সিটিতে শুরু হয়েছে দ্বিতীয় দিনের এই প্রদর্শনী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠা এ প্রদর্শনী শেষ হবে আগামীকাল শনিবার। একসঙ্গে চলছে ১৫তম পাওয়ার বাংলাদেশ, ১০ম সোলার বাংলাদেশ, ১৮তম কন-এক্সপো ও ১৬তম রিয়েল এস্টেট বাংলাদেশের এই প্রদর্শনী।
শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় বেলা ১১টার পর থেকেই মেলায় দর্শনার্থীদের সমাগম বাড়তে শুরু করে। সকাল গড়িয়ে দুপুর হওয়ার পর দর্শনার্থীদের পদচারণায় ভরে যায় মেলা প্রাঙ্গণ।
‘সেমস গ্লোবাল’ আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন দশটি দেশ থেকে আসা উদ্যোক্তারা। এতে পাওয়ার জেনারেশন ও ট্রান্সমিশন, বিকল্প শক্তি, সোলার পাওয়ার, এনার্জি ও রিনিউয়েবল এনার্জি খাতের সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রাংশ প্রদর্শিত হচ্ছে।
আয়োজকরা জানান, উৎপাদন, আউটসোর্স, উপ-ঠিকাদারি, নকশা ও উন্নয়ন, সরাসরি বিপণনের জন্য ব্যবসায়িক অংশীদার এবং পারস্পরিক সমঝোতার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম এই প্রদর্শনী।
এ দিকে প্রদর্শনীতে অংশগ্রহণের পাশাপাশি বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের পরিবেশও পর্যবেক্ষণ করবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
