চট্রগ্রাম অফিস :: সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় মুন্না ও জসিম নামের দুই ভাইয়ের অনুসারীদের মধ্যে অস্ত্রের মহড়া চলছে।
শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল পর্যন্ত কয়েকদফায় দুইটি পক্ষকে অস্ত্র নিয়ে মুখোমুখি হতে দেখা গেছে। বর্তমানে দুইটি পক্ষ দুইদিকে অবস্থান করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কের মধ্যে আছে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় আছে পুলিশ।বায়েজিদ বোস্তামী থানার ওসি (তদন্ত) নুরুল আফসার বলেন, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদের মধ্যে জসিমের একটি লাইসেন্স করা শটগান রয়েছে। উত্তেজনার এক পর্যায়ে জসিম তার ভাই মুন্নার বুকে শটগান ঠেকালে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। তবে জসিম গুলি করেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল অব্যাহত আছে। সার্বিক পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক আছে বলে জানান তিনি। স্থানীয় একটি সূত্র জানায়, রাতে কয়েকদফা গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে আতঙ্কের মধ্যে আছেন এলাকাবাসী।
