বাণিজ্য মেলায় ক্রেতাদের আগ্রহ প্রযুক্তিপণ্যে

0

অর্থবাণিজ্য : দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের পাশাপাশি অনুকূল আবহাওয়া বিরাজ করায় পুরোদমে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে ক্রেতা-দর্শনার্থীর সমাগম। বিগত দু’বছর অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের কারণে আশানুরুপ ব্যবসা না হলেও এবারের চিত্র ভিন্ন। এবার সার্বিক পরিস্থিতি ভালো থাকায় শুরুর দিন থেকেই সব বয়সের ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। তাই, বিক্রেতাদের মুখেও লক্ষ্য করা যাচ্ছে সন্তুষ্টির ছাপ। ছুটির দিনসহ অন্যান্য দিনগুলোতেও অনেককে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে, মেলায় প্রবেশ করতে এবং বিভিন্ন পণ্য কিনতে দেখা যাচ্ছে।

গত কয়েকদিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, বরাবরের মতো এবারো মেলায় ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে ইলেকট্রনিক্স পণ্যের প্রিমিয়াম প্যাভিলিয়ন ও স্টলগুলো। এবারের মেলায় বিদেশি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি ওয়ালটন, মাইওয়ান, মিনিস্টার, যমুনাসহ বেশ কয়েকটি দেশীয় ব্র্যান্ডের পণ্যও প্রদর্শন করা হচ্ছে। ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ করতে ব্যতিক্রমী সজ্জায় সজ্জিত করা হয়েছে দেশি-বিদেশি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যের স্টল ও প্যাভিলিয়নগুলো। তবে, এবারের মেলায় ক্রেতা-দর্শনার্থীদের নজর কাড়ছে ওয়ালটনের তিন তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ও ব্যতিক্রমী প্যাভিলিয়ন। বিক্রির দিক দিয়েও বিশেষ করে ফ্রিজ ও এলইডি টেলিভিশন বিক্রিতে ভালো অবস্থানে রয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।

জানা গেছে, এবারের মেলায় গ্রাহকদের চাহিদা ও রুচির ভিন্নতা অনুযায়ী আকর্ষণীয় ও উচ্চ মানসম্পন্ন চার শতাধিক মডেলের বিভিন্ন ধরণের প্রযুক্তি পণ্য প্রদর্শন করছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্যে রয়েছে প্রায় অর্ধশতক নতুন মডেলের পণ্য। অসংখ্য মডেল, আকর্ষণীয় ডিজাইন, উচ্চ গুণগতমান, সাশ্রয়ী মূল্য ও সর্বোপরি দেশীয় ব্র্যান্ড হওয়ায় প্রতিদিনই ক্রেতা-দর্শনার্থীদের প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে ওয়ালটন প্যাভিলিয়নে।

মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের বিক্রয়কর্মীরা জানান, এবারের মেলায় ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ও বিক্রির পরিমাণ দুটোই বেশ সন্তোষজনক। মেলার মাধ্যমে নতুন বছরের শুরুতেই গ্রাহকদের নতুন কিছু উপহার দিতে ওয়ালটন বেশ কয়েকটি নতুন মডেলের পাশাপাশি নিয়ে এসেছে নতুন পণ্য। এরই মধ্যে মেলায় আগত দর্শক-ক্রেতাদের মধ্যে হট কেকে পরিণত হয়েছে ইনভার্টার প্রযুক্তির তিনটি নতুন মডেলের (৫২৬ লিটার, ৫১২ লিটার ও ৪৩০ লিটার) রেফ্রিজারেটর ও দুটি নতুন মডেলের ডিপ ফ্রিজ, এন্ড্রয়েড স্মার্ট মডেলের নতুন তিনটি (৪৩ ইঞ্চি, ৪৯ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি) টেলিভিশন, রুটি মেকার, ডোনাট মেকার, স্যান্ডউইচ মেকার, কেক মেকার, ট্রাভেল ব্লেন্ডার, ইলেকট্রিক্যাল স্যুইচ, সকেট ও সিলড লেড এসিড রিচার্জেবল ব্যাটারি। বিশেষ করে, রপ্তানির জন্য তৈরি করা তিন দরজার ৫২৬ লিটারের নো-ফ্রস্ট ফ্রিজটি দৃষ্টি কেড়েছে ক্রেতাদের।

তারা আরও জানান, স্মার্ট ফোনের মধ্যে ওয়ালটন নতুন নিয়ে এসেছে প্রিমো এনএক্স-৩, প্রিমো আর-৪, প্রিমো ভি-২, প্রিমো জেডএক্স-২, প্রিমো ডি-৭। যার মধ্যে ক্রেতাদের দৃষ্টি কেড়েছে ৩৫,৯৯০ টাকা মূল্যের প্রিমো জেডএক্স-২। যাতে রয়েছে দুই গিগাহার্জ প্রসেসর, ৩-গিগাবাইট র‌্যাম, ৬৪ গিগাবাইট রোমসহ অত্যাধুনিক সব প্রযুক্তি সম্পন্ন। এছাড়া ৩ হাজার ৬৯০ টাকা থেকে ১৬ হাজার ৪৯০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে অন্যান্য স্মার্ট ফোন।

নতুন নতুন মডেলের পণ্য প্রদর্শনের পাশাপাশি গ্রাহকদের জন্য নতুন বছরের উপহারস্বরুপ ওয়ালটন এলইডি টিভিতে মডেলভেদে ১ হাজার ৫০০ টাকা ৫ হাজার টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এছাড়াও মেলাতে ওয়ালটনের ২৪, ২৮ ও ৩২ ইঞ্চির এলইডি টিভিতে সর্বোচ্চ সাত (৭) শতাংশ পর্যন্ত বিশেষ ক্যাশ ডিসকাউন্ট দেয়া হচ্ছে বলে জানান বিক্রয়কর্মীরা। ব্যাপক মূল্য হ্রাসের ফলে ক্ষেত্র বিশেষে সিআরটি টিভির দামে এলইডি টিভি পাওয়ায় টেলিভিশন বিক্রয়ও বেড়ে গেছে উল্লেখযোগ্যহারে।

ওয়ালটন প্যাভিলিয়নের ইনচার্জ আকরামুজ্জামান অপু জানান, এবারের মেলায় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আকর্ষণীয় ডিজাইন ও মডেলের সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করছে ওয়ালটন। মেলায় আসা ক্রেতারা যাতে এক জায়গাতেই তাদের দরকারি সব ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য পান সেজন্যই সর্বোচ্চ সংখ্যক পণ্য নিয়ে এসেছে ওয়ালটন।

ক্রেতা আকর্ষণের জন্য এলইডি টিভি, রেফ্রিজারেটর, এসিসহ সব পণ্যেই ১৫ শতাংশ ছাড় দিচ্ছে মাইওয়ান ব্র্যান্ড। মেলাতে ১৮ হাজার ৭০০ টাকা থেকে ৩০ হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে এই ব্র্যান্ডের রেফ্রিজারেটর। অন্যদিকে, মেলা উপলক্ষ্যে ১০ শতাংশ মূল্য ছাড় দিয়ে পণ্য বিক্রি করছে দেশীয় ব্র্যান্ড মিনিস্টার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.