চট্রগ্রাম : শিকড়ের সন্ধানে ৩৭ বছর পর নেদারল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন সুতানা ভ্যান ডি লিস্ট নামক এক বাংলাদেশি বংশোদ্ভুত ডাচ নাগরিক। গত ১ ফেব্রুয়ারী পূর্ব পুরুষের সন্ধানে স্বামী ইউবি জ্যাকব ও সন্তান নোয়া আবেদ নাবিলা জ্যাকবস কে নিয়ে বাংলাদেশে এসেছেন সুতানা।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুতানার উপস্থিতিতে এসব তথ্য জানিয়েছেন ‘স্লোব বাংলাদেশ’ নামক সংগঠনের সাবেক কর্মকর্তা মো. ইসমাইল শরীফ ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৭৫ সালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারিতে জন্মগ্রহন করেন সুলতানা। পাঁচ বছর বয়স পর্যন্ত দাদা-দাদীর কাছে বেড়ে উঠেছিলেন তিনি।
এরপর মাত্র পাঁচ বছর বয়সে ১৯৭৯ সালে সুলতানাকে কেয়া ও ক্রিস নামক এক ডাচ দম্পতির কাছে বিনা শর্তে দত্তক হিসেবে তুলে দেন তার দাদী রাহিমা খাতুন । আর তখন সুলতানা থেকে তার নাম হয় সুতানা ভ্যান ডি লিস্ট।
ইসমাইল শরীফ সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘ ৩৭ বছর পর সুতানা তার স্বামী ও সন্তানকে নিয়ে বাংলাদেশে এসেছেন তার আত্মীয়-স্জনদেও খুঁজে বের করতে। কিন্তু আত্মীয়-স্বজন কাউকেই তিনি চিনে না বা কারো নামও জানেন না। কোন নিকটাত্মীয়’র সঙ্গে তার কোন যোগাযোগও হয়নি কখনো। তার কাছে প্রথম শ্রেণীর ম্যজিস্ট্রেট কর্তৃক দেয়া একটি হলফ নামা আছে আর তাতে তার মা-বাবার মৃত বলে উল্লেখ করা হয়েছে।
তবে হলফনামায় উল্লেখিত চট্টগ্রামের দোহাজারিতে তার পূর্বপুরুষদের ঠিকানা বলা হলেও তা আসল ঠিকানা কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবুও পূর্বপুরুষদের ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদি এই বাংলাদেশি বংশোদ্ভুত ডাচ নাগরিক। পূর্বপুরুষদের সন্ধানে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন সুতানা।
সুতানা ভ্যান ডি লিস্ট সাংবাদিকদের বলেন, প্রথম দিকে ডাচদের সাথে ভাষাগত উচ্চারণ নিয়ে প্রতিদিন প্রশ্নের সম্মুখিন হতাম। তবে ভিন্ন পরিবেশে বেড়ে উঠলেও স্বামী ও সন্তানদের নিয়ে বর্তমানে সুখে আছেন বলে জানিয়েছেন তিনি।
পূর্বপুরুষের সন্ধান না পেলে আগামি ১২ ফেব্রুয়ারী নেদারল্যান্ড এর উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাবেন বলে জানিয়েছেন সুতানা ভ্যান ডি লিস্ট।
