চট্টগ্রাম : চট্টগ্রাম ইপিজেডে নারী শ্রমিকদের জন্য প্রথমবারের মত সাততলা বিশিষ্ট একটি বৃহৎ হোস্টেল এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে এবং বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুর রহমান খান সোমবার(১ ফেব্রুয়ারি-১৬ইং) আনুষ্ঠানিকভাবে এই হোস্টেল ডরমিটরীর উদ্বোধন করেন।
চট্টগ্রাম ইপিজেডের জাপানী ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান মেসার্স অপ-সিড ( বিডি) লিমিটেড ৭৫০ নারী শ্রমিকের আবাসন উপযোগী এই ডরমিটরি নির্মাণ করেছে।
চট্টগ্রাম ইপিজেড সংলগ্ন মধ্য হালিশহরের ধুমপাড়ায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগসুবিধা সংবলিত নারী শ্রমিকদের জন্য নির্মিত এটা এধরনের প্রথম হোস্টেল। ইপিজেড এর কোন শিল্প প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত এটি প্রথম মহিলা ডরমিটরি।
অনুষ্ঠানে জাপানী রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে জাপানি একটি প্রতিষ্ঠান কর্তৃক মহিলা ডরমিটরির নির্মাণের উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও জাপান দুই বন্ধু রাষ্ট্র। ২০১৪ সালে দুই দেশের প্রধানমন্ত্রী একে অপরের দেশ সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ন সম্পর্ক আরও জোরদার হয়েছ। বেপজা ও জেটরোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তি ইপিজেডে জাপানি বিনিয়োগ বৃদ্ধিতে অবদান রাখছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান কারখানায় কর্মওু নারী শ্রমিকদের আবাসনের লক্ষ্যে ডরমিটরি নির্মাণ করায় অপ-সিড কোম্পানী (বিডি) লিটিটেডকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বেপজা গভর্ণও বোর্ডেও ৩৩ তম সভায় প্রধানমন্ত্রী ইপিজেডের নারী শ্রমিকদের একা অথবা পরিবার নিয়ে বসবাসের জন্য ডরমিটরি নির্মাণের নির্দেশনা দেন। তিনি ইপিজেডের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানকেও এই ধরনের ডরমিটরি নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আটটি ইপিজেড চালু রয়েছে যার অধিকাংশই শুরু করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, বর্তমানে ৩৮টি দেশের বিনিয়োগকারীগন ৪৫৩টি চালু এবং ৫৯টি বাস্তবায়নাধীন শিল্পে ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং রপ্তানী করেছে ৪৯ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ মূল্যের পণ্য। ইপিজেড সমূহে ৪ লাখ ৩৯ হাজার বাংলাদেশী শ্রমিক কর্মরত রয়েছে।
অপ-সিডের মূল প্রতিষ্ঠান কোহা কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ইয়াসুহিরো নাকাশিমা বলেন, বাংলাদেশের শ্রমিকরা খুবই কার্যকরী এবং পরিশ্রমী। তিনি বলেন, ইপিজেডে বিরাজমান শিল্পবান্ধব উৎপাদনমুখী শান্তিপূর্ন কর্মপরিবেশে ব্যবসা পরিচালনায় সন্তোষ প্রকাশ করে তিনি এজন্য ইপিজেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রামস্থ জাপানের কন্সাল জেনারেল নুরুল ইসলাম ,বেপজার চট্টগ্রাম মহাব্যবস্থাপক খুরশিদ আলম, অপ-সিড বিডি লিমিটেডের মহাব্যবস্থাপক আতাউল হক, স্থানীয় কাউন্সিলরসহ অপ-সিড ও বেপজার উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালের জুন মাসে যাত্রা শুরু করা অপ-সিড বিডি লিমিটেডে বর্তমানে ১০৮২ জন শ্রমিক রয়েছে। ডিসেম্বর ২০১৫ পর্যন্ত প্রতিষ্ঠানটির বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৪-১৫ অর্থ বছরে প্রতিষ্ঠানটি জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, চীন, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে ৩৯ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল সামগ্রী( যেমন- এলইডি ব্যাক লাইট, মাল্টি এলইডি ল্যাম্প, এলইডি পাইলট ল্যাম্প, এলইডি সিলেকশন বাটন, ভেন্ডিং মেশিন) রপ্তানী করেছে।
