চট্টগ্রাম: বঙ্গবন্ধুর ছবি বিকৃতির প্রতিবাদে সাংসদ লতিফের বিরুদ্ধে করা মানববন্ধন শেষে মারামারির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুইজনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
সোমবার মধ্যরাতে মো. ইমরান নামে এক যুবক বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-৫। মামলার আসামিরা হলেন অভি পাল ও রিশি কেষ।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম জানান, সোমবার দুপুরে মানববন্ধন শেষে মারামারির ঘটনায় রাতে দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
সোমবার সাংসদ এম এ লতিফের বিচারের দাবিতে সদরঘাটে জাগ্রত ছাত্র যুব জনতা নামের একটি সংগঠন মানববন্ধন শেষে আসার সময় ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয়।
