বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

0

অর্থবাণিজ্য : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে। বৃহস্পতিবার ব্যারেলপ্রতি তেলের দাম কমে ২৭ ডলারের নিচে নেমে এসেছে। তেলের এ দাম গত প্রায় ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।

বুধবার দিনের লেনদেনে তেলের দামে বেশ ওঠানামা লক্ষ্য করা গেলেও পরের দিন তা ব্যারেলপ্রতি ২৭ ডলারের নিচে নেমে যায় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে ২০০৩ সালের মে মাসে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম সর্বশেষ এত নিচে নেমেছিল। সে সময় ব্যারেলপ্রতি তেলের দাম ২৬ ডলারেরও নিচে নেমে যায়।

বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না। আর এ কারণেই মূলত তেলের দামের পতন অব্যাহত আছে।

এর আগে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) মঙ্গলবার বিপুল পরিমাণ উদ্বৃত্ত ও বিশ্ব বাজারে চাহিদা কমে যাওয়ার প্রেক্ষিতে তেলের দাম আরও কমতে পারে বলে সতর্ক করে প্রতিবেদন প্রকাশ করে। এর পর গত দুদিনে মূল্য পতন লক্ষ্য করা যায়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে আরও নতুন মজুদ এবং তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকের সরবরাহ বৃদ্ধির খবরে আবারও তেলের দাম নিম্নমুখী হয়ে পড়ে। ওপেক জানিয়েছে চলতি বছরের প্রথমার্ধে ধারণার চেয়ে অনেক বেশি জ্বালানি তেল সরবরাহ হবে।

এদিন যুক্তরাষ্ট্রের বাজারে দিনের লেনদেনের এক পর্যায়ে অপরিশোধিত তেলের দাম, যা আগামী মার্চে সরবরাহ করা হবে, ব্যারেলপ্রতি ২৬ ডলার ৩২ সেন্টে নেমে আসে। পরে তা সামান্য বেড়ে ২৬ ডলার ৩৮ সেন্টে উঠলেও এই দাম বুধবারের তুলনায় ১ ডলার ৭ সেন্ট কম।

ইউরোপের বাজারেও বৃহস্পতিবার কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে তা এখনও ৩০ ডলারের ওপরে আছে। এদিন ইউরোপের বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম, যা আগামী এপ্রিল সরবরাহ করা হবে, ব্যারেলপ্রতি আগের দিনের চেয়ে ৬৭ সেন্ট কমে ৩০ ডলার ১৭ সেন্টে নেমে আসে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.