ঢাকা : দুধ উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে ভারত। সারা বিশ্বের মোট উৎপাদনের ১৮ দশমিক ৫ শতাংশ দুধ ভারতেই উৎপাদন হয়। ২০১৪-১৫ সালে মোট ১৪৬ দশমিক ৩ মিলিয়ন টন দুধ ভারতে উৎপাদন হয়েছে। দেশটির সংসদে পেশ হওয়া আর্থিক সমীক্ষায় এমনটাই উল্লেখ করা হয়েছে।
২০১৩-১৪ সালে ভারতে দুধ উৎপাদনের মোট পরিমাণ ছিল ১৩৭.৬৯ মিলিয়ন টন। সমীক্ষা অনুযায়ী, প্রত্যেকদিন মাথাপিছু দুধ পাওয়া যায় ৩২২ গ্রাম করে। ১৯৯০-৯১ সালে এই পরিমাণ ছিল ১৭৬ গ্রাম। আর বিশ্বে গড়ে প্রত্যেকদিন মাথাপিছু ২৯৪ গ্রাম করে দুধ পাওয়া যায়।
সুতরাং দুধ ও দুগ্ধজাত দ্রব্যের যে ক্রমশ বৃদ্ধি হচ্ছে তা স্পষ্ট। এর ফলে উপকৃত হচ্ছে ভারতের বহু মানুষ। গত কয়েক বছরে বেড়েছে ডিম ও মাছের উৎপাদনও। ২০১৪-১৫ সালে ভারতে ডিমের উৎপাদন ছিল ৭৮ দশমিক ৪৮ বিলিয়ন।
