চট্টগ্রাম : চট্টগ্রামের চতুর্থ ধাপে ২৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাউজানের ১৪টি এবং হাটহাজারীর ১৪টি ইউনিয়ন রয়েছে। আজ (৭ মে) শনিবার সকাল ৮টা ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর থেকে এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কিছু কিছু জায়গায় আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকদের উত্তেজনার খবর পাওয়া গেছে।রাউজান উপজেলার ১৪ ইউনিয়নের ৬৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। হাটহাজারী উপজেলার ১৪ ইউনিয়নের ১২৮ কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাইনি। তবে হাটহাজারীর বিভিন্ন কেন্দ্রে উত্তেজনার খবর পাওয়া গেছে। রাউজানের বিভিন্ন কেন্দ্র একেবারে শান্ত। দুই উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে ১৭ জন আনসার (৪জন অস্ত্রধারী) ও ১ জন এস আই’র নেতৃত্বে ৪ জন পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়া উভয় উপজেলায় একজন বিচারিক হাকিম ও ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স, তিন প্লাটুন করে বিজিবি ও র্যাবের ৪টি করে টিম টহল দিচ্ছে।
রাউজানের ১৪ ইউনিয়নের ১১টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মাত্র তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। সাধারণ ও মহিলা সদস্য পদে ১১২জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
হাটহাজারীর ১৪ ইউনিয়নের প্রতিটিতে নৌকা ও ধানের শীষের প্রার্থী চেয়ারম্যান পদে আছেন। পুরুষ ও মহিলা ইউপি সদস্য পদেও উভয় দলের সমর্থকরা অংশ নিয়েছেন।

Comments are closed.