অর্থ ও বাণিজ্য : চট্টগ্রাম বন্দরের চাপ কমাতে ৩৭ ধরনের আমদানি পণ্য বেসরকারি কনটেইনার ডিপোগুলোতে নিয়ে খালাস করার বাধ্যবাধকতা জারি করেছিল রাজস্ব বোর্ড। পণ্যভর্তি কনটেইনার বন্দর থেকে সময়মতো স্থানান্তর করে ডিপোতে নিতে পারছেন না ডিপো পরিচালনাকারীরা। তাই পণ্য খালাস করতে গিয়ে বিপাকে পড়েছেন আমদানিকারকেরা। বেসরকারি ডিপোগামী কনটেইনার বন্দর থেকে দ্রুত খালাস না করায় বন্দরে কনটেইনার জটও বেড়েছে।
গত রোববার বন্দরের এক প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রামের ১৬টি বেসরকারি ডিপোগামী সাড়ে চার হাজার কনটেইনার এখন পড়ে আছে বন্দরে। জাহাজ থেকে নামানোর পর এক সপ্তাহের বেশি সময় পার হলেও এসব কনটেইনার ডিপোতে স্থানান্তর করা হয়নি। ডিপোতে স্থানান্তর করার পরই আমদানিকারকেরা ডিপো থেকে খালাস নেওয়ার কথা।
বন্দর সূত্রে জানা যায়, গত রোববার ডিপোগুলোর কাছে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়, বন্দরে পড়ে থাকা ডিপোগামী পণ্যভর্তি কনটেইনার স্থানান্তর না করায় বন্দরের পরিচালন কাজে ব্যাঘাত হচ্ছে। আগামীকাল বুধবারের মধ্যে এসব কনটেইনার সরিয়ে না নিলে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বন্দরের প্রতিবেদন অনুসারে ১৬টি ডিপোর মধ্যে সবচেয়ে বেশি কনটেইনার পড়ে আছে এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। বন্দর থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত এই ডিপোর ৭৪১টি কনটেইনার এখন বন্দরে পড়ে আছে। এ ছাড়া বিএম কনটেইনার ডিপোর ৬৯৩টি, পোর্ট লিংক লজিস্টিকস লিমিটেডের ৬২০টি, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের (পূর্ব ও পশ্চিম) ৫১১টি, ইনকনট্রেড লিমিটেডের ৪০৪টি কনটেইনার রয়েছে।
বেসরকারি কনটেইনার ডিপো মালিক সমিতি বিকডা সূত্র জানায়, চট্টগ্রামে অবস্থিত ১৬টি বেসরকারি ডিপোতে একসঙ্গে ৫৫ হাজার একক কনটেইনার রাখার ব্যবস্থা আছে। এই ধারণক্ষমতার বিপরীতে গত রোববার কনটেইনার ছিল প্রায় ৫৬ হাজার। ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় এখন ডিপোগুলো আমদানি পণ্যভর্তি কনটেইনার নিতে পারছে না। আবার রপ্তানি পণ্যভর্তি কনটেইনার পরিবহনে অগ্রাধিকার দেওয়ায় আমদানি পণ্যভর্তি কনটেইনার পরিবহনেও গুরুত্ব দিতে পারছে না তারা।
বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান গতকাল জানান, ঈদের ছুটির তিন দিন আগে এবং তিন দিন পর মহাসড়কে পণ্যবাহী ভারী যানবাহন চলাচলে সীমাবদ্ধতা ছিল। ছুটির সময় আমদানিকারকেরাও পণ্য খালাস নেননি। ফলে ডিপোতেও আমদানি পণ্যভর্তি কনটেইনার জমেছে। তবে নানা বাধা দূর হওয়ার পর এখন সবগুলো ডিপো বন্দর থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার স্থানান্তর করছে। শিগগিরই এ জট কাটবে।

Comments are closed.