পোশাক শিল্পে সহযোগিতা করবে নেদারল্যান্ডস

0

অর্থ ও বাণিজ্য : তৈরি পোশাক শিল্পকে আধুনিক গড়তে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে নেদারল্যান্ডস। আগামী সেপ্টেম্বর ঢাকায় ‘সাসটেইনেবল সোর্সিং ইন দি গার্মেন্ট সেক্টর’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করবে দেশটি। এ ছাড়া অল্প সময়ের মধ্যে নেদারল্যান্ডসের ফরেন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অপারেশন মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন।

আজ (৩ আগষ্ট) বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিয়োনি কোয়েলিনেয়ার বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

লিয়োনি কোয়েলিনেয়ার বলেন, বিদেশিদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের গৃহীত ব্যবস্থা প্রশংসনীয়। নেদারল্যান্ডস বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র দেখতে চায়। বাংলাদেশে নেদারল্যান্ডস বাণিজ্য বাড়াতে আগ্রহী। এরপর নেদারল্যান্ডের রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে জঙ্গি ও সন্ত্রাসী হামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দেশের বাণিজ্য পরিস্থিতির বিষয়টিও আলোচনায় উঠে আসে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.