অর্থ ও বাণিজ্য : ৪৮ ঘণ্টার মধ্যে কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে তা বাণিজ্য মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ (৫ সেপ্টেম্বর) সোমবার চামড়া ব্যবসায়ী ও ট্যানারির মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ নির্দেশ দেন।
বৈঠকে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবছর কোরবানির ঈদে চামড়ার দাম ঘোষণা করেন ট্যানারির মালিক ও চামড়া ব্যবসায়ীরা। গত বছর ঈদুল আজহায় ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ধরা হয়েছিল ৫০-৫৫ টাকা; যা আগের বছরের চেয়ে প্রতি বর্গফুটে ২০ টাকা কম। ঢাকার বাইরে এ দর ৪০-৪৫ টাকা ঠিক করা হয়েছিল। এ ছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া ২০-২২ টাকা, বকরির চামড়া ১৫-১৭ টাকা এবং মহিষের চামড়ার দাম ৩০-৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা লবণের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেড় লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। চামড়া সংরক্ষণে লবণের অভাব হবে না। দামও কমে যাবে।
