রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ বৃহস্পতিবার

0

সিটিনিউজবিডি : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

অর্থমন্ত্রী বলেন, ‘রিজার্ভের অর্থ চুরির প্রতিবেদন আমার হাতে আছে। নির্ধারিত দিনে তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

তবে তিনি প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানাননি।

এরআগে গত ২১ আগস্ট অর্থমন্ত্রী জানয়েছিলেন, রিজার্ভ চুরির বিষয়ে ২৪ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়।

এর মধ্যে আট কোটি ১০ লাখ ডলার যায় ফিলিপাইনে ও দুই কোটি যায় শ্রীলংকায়। পরে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়, শ্রীলংকা থেকে অর্থ উদ্ধার করা হয়েছে।

রিজার্ভ চুরি ঘটনায় সমালোচনার মুখে গভর্নরের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ড. আতিউর রহমান।

এরপর এ ঘটনায় গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন- বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. কায়কোবাদ এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস।

গত ২২ মার্চ এ কমিটি তাদের কাজ শুরু করে এবং ৩০ মে অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.