সিটিনিউজ ডেস্ক::রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর না করায় দায়ে ১৫৪ ট্যানারি মালিককে ৩০ কোটি ৮৫ লাখ টাকা জরিমানা সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে গত বছরের ১৮ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক অন্তর্বর্তীকালীন আদেশে বলেন, ১৫৪ ট্যানারি মালিকের প্রত্যেককে ক্ষতিপূরণ বাবদ প্রতিদিন ১০ হাজার টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।
প্রথমে হাইকোর্টের আদেশে বলা হয়েছিল, ১৫৪ ট্যানারি মালিককে প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। পরে অবশ্য তা কমিয়ে ১০ হাজার টাকা করা হয়।
২০০১ সালে হাইকোর্ট এক রায়ে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এরপর ২০০৯ সালের ২৩ জুন আরেক আদেশে ট্যানারি সরানোর জন্য ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। পরবর্তীকালে সরকারপক্ষের আবেদনে ওই সময়সীমা কয়েক দফা বাড়ানোর পরও ট্যানারি স্থানান্তরে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন হয়নি।
