আন্তর্জাতিক ডেস্ক::ইরাকের তিকরিত শহরে পুলিশের ছদ্মবেশে আসা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় ১৪ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো ৪০ জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বুধবার পুলিশ কর্নেল খালিদ মাহমুদ জানান, মঙ্গলবার রাতভর এ হামলার ঘটনা ঘটে। রাজধানী বাগদাদ থেকে ১৭৫ কিলোমিটার উত্তরের এ শহরটিতে জঙ্গিরা পুলিশের পোশাক পরে একটি গাড়ি নিয়ে প্রবেশ করে। দলটিতে দুই আত্মঘাতীসহ প্রায় ১০ জঙ্গি ছিল।
আইএসের সংবাদ সংস্থা আমাক জানায়, সাতজন আত্মঘাতী হামলাকারীরা পুলিশের একটি তল্লাশি চৌকি ও পুলিশের এক কর্নেলের বাড়িতে হামলা চালায়। হামলায় পরিবারের চার সদস্যসহ ওই পুলিশ কর্নেল নিহত হয়েছেন। এরপর চারদিকে থেকে পুলিশের ঘেরাওয়ের মধ্যে পড়ে যাওয়ার পর দুই জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, অন্য তিনজন অন্যান্য সংঘর্ষে নিহত হন।
কর্নেল মাহমুদ জানান, আরো পাঁচ হামলাকারী শহরটিতে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ বুধবার তিকরিতে সান্ধ্য আইন জারি করেছে।
