সিটিনিউজ ডেস্ক::সরকার ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সঙ্গে বন্ধুত্বের চেষ্টা করছে মন্তব্য করে বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেন, ‘এই চেষ্টায় কোনো লাভ হবে না।’ তিনি বলেন, ‘এই বন্ধুত্ব প্রমাণ করে আওয়ামী লীগ সুবিধাবাদী, ফ্যাসীবাদী দল’।
এতে সরকারের নানা সমালোচনার পাশাপাশি উঠে আসে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণ করে কিছু দূরে তা পুনঃস্থাপন প্রসঙ্গ।
মওদুদ আহমদের ভাষায়, সরকার ভোটের জন্য এই নাটক করেছে।
গত ডিসেম্বরে সুপ্রিম কোর্টের সামনে ন্যায়বিচারের প্রতীক হিসেবে নারীর ভাস্কর্য স্থাপন করা হয়। স্থাপনের পর থেকেই ধর্মবিরোধী আখ্যা দিয়ে এটিকে অপসারণের দাবি জানিয়ে আসছিল হেফাজতে ইসলাম। দাবি পূরণ না হলে এর পরিণতি ভাল হবে না বলেও জানিয়ে দেয় তারা।
গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ভাস্কর্যটি সরিয়ে নেন এর নির্মাতা মৃণাল হক। এরপর হেফাজতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হলেও প্রগতিশীল শক্তি জানায় বিরূপ প্রতিক্রিয়া। সরকার উগ্র ধর্মীয় গোষ্ঠীর কাছে নতি স্বীকার করছে কি না-এ বিষয়ে সমালোচনা হয়।
আর দুই পক্ষের এই প্রতিক্রিয়ার মধ্যেই আগের অবস্থান থেকে সামান্য দূরে শনিবার সুপ্রিম কোর্টেরই এনেক্স ভবনের সামনে ভাস্কর্যটি পুনঃস্থাপন করা হয়। আর এর প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির আহমেদ শাহ শফি বলেন, ‘এমন সংবাদে সমগ্র দেশবাসীর সঙ্গে আমরা বিস্মিত, হতবাক এবং বাকরুদ্ধ।’
মওদুদ আহমেদ এক কথায় সরকারের অবস্থানকে ব্যাখ্যা করেন এভাবে, ‘ভোটের জন্য এ নাটক।’ তিনি বলেন, ‘ধর্মনিরপেক্ষতা একটি ক্যাচি ওয়ার্ড, আওয়ামী লীগ মুখে এটা বলে, কিন্তু বিশ্বাস করে না।’
হেফাজতের সঙ্গে এই বন্ধুত্বের চেষ্টাতেও সরকার নির্বাচনে পার পাবে না মন্তব্য করে বিএনপি নেতা বলেন, ‘দেশের মানুষ কোনো দলকে একটানা বেশিদিন ক্ষমতায় দেখতে চায় না।’
আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা নির্বাচন চাই, তবে তা হতে হবে অর্থবহ এবং সকল দলের অংশগ্রহণে।’ ‘সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরি করুন। মামলা সব প্রত্যাহার করতে হবে।’
কেবল আওয়ালীগের নেতানেত্রীদের প্রবৃদ্ধি হচ্ছে এমন দাবি করে ফখরুল বলেন, ‘অর্থনৈতিক যে পরিসংখ্যান দেখানো হচ্ছে, সেগুলো সত্যি নয়, মানুষের সঙ্গে প্রতারণা।’
