কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : আদালতের নির্দেশে সীতাকুণ্ডে ময়নাতদন্তের জন্য আত্নহত্যার আট মাস পর কবর থেকে সাইফুল ইসলাম চৌধুরী (১৭) নামে এক যুবকের লাশ উত্তোলন করেছ পুলিশ। আজ বুধবার(৩১ মে) সকাল ১১ টায় উপজলার জোড়আমতল এলাকার চৌধুরী বাড়ির কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়েছে। সে সীতাকুণ্ড উপজেলার জোড়আমতল চৌধুরী বাড়ি এলাকার মো. দিদারুল আলমের ছেলে।
জানা যায়,গত বছরের ১৫ সেপ্টেম্বর রহস্যজনক কারনে সীতাকুণ্ড জোড়আমতল চৌধুরী বাড়ির যুবক সাইফুল নিজ কক্ষের ভেতরে বিষপানে আত্নহত্যা করে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনার পর নিহত সাইফুলের লাশ ময়নাতদন্ত ছাড়া পারিবারিকভাবে দাফণ করা হলেও ছেলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেনি তার মা রাজিয়া বেগম।
তিনি অভিযোগ করেন তার ছেলে বিষ পান করেনি থাকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সপ্তাহখানেক পর তার স্বামী,সতীন ও ননদসহ ১০জনকে আসামী করে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরের ২৪ এপ্রিল আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি এজাহারভূক্ত করতে সীতাকুণ্ড মডেল থানাকে নির্দেশ প্রদান করেন। গত ২৫ এপ্রিল মামলাটি পূণঃতদন্ত ও নিহতের লাশ ময়নাতদন্তের জন্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করেন সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক ইকবাল।
সর্বশেষ গত ১৭ মে আদালত নিহত যুবকের লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহল আমিনের উপস্থিতিতে নিহত সাইফুলের মরদেহ উত্তোলন করে মর্গে প্রেরন করা হয়।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক ইকবাল জানান,“হত্যা মামলার পূনঃতদন্তের জন্য আমরা আদালতের কাছে নিহতের লাশের ময়নাতদন্তের আবেদন করি। আদালতের অনুমতিক্রমে বুধবার দুপুরে নিহতের লাশটি কবর থেকে উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।”
