মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ৫

0

মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদলের হামলায় ৫ জন আহত হয়েছে।

শুক্রবার (২ জুন) রাত আনুমানিক ৩ টার সময় উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ উকিলটোলা গ্রামের প্রবাসী আলা উদ্দিন সওদাগরের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন আলা উদ্দিনের মা ফিরোজা বেগম (৬৫), তার স্ত্রী তাছলিমা আক্তার (২৬), সালমা আক্তার (২২), মায়া আক্তার (২৭) ও আশরাফ উদ্দিন (২০)। ডাকাতরা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, দুইটি মোবাইল ফোনও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।

ডাকাতদের হামলার শিকার আশরাফ উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক তিনটার সময় আমি সেহেরী খাওয়ার জন্য ঘুম থেকে উঠে ঘরের বাইরে গেলে আমাদের ঘরের পেছনে সিঁধ কাটা দেখতে পাই।

এ সময় আমাদের পরিবারের সদস্যরা ওই সিঁধ কাটার স্থান দেখতে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ৮-১০ জনের ডাকাতদল আমাদের পরিবারের সবাইকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে আমাদের ঘরে প্রবেশ করে। ডাকাতরা এসময় সবাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং বেধড়ক মারধর করে, এমনকি তাদের পৈশাচিক নির্যাতন থেকে ছোট শিশুরাও বাদ যায়নি। প্রায় ১ ঘন্টা যাবত ডাকাতরা ঘরের আলমিরাসহ বিভিন্ন জায়গা তন্নতন্ন করে খুঁজে নগদ ২০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালকার, ২ টি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাহেদা শিরিন ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার এলাকা উকিলপাড়ার প্রবাসী আলাউদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছি এবং বিষয়টি মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল আলমকেও জানিয়েছি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইরুল ইসলাম জানান, ডাকাতির বিষয়ে তিনি কিছু জানেন না এবং থানায় কেউ অভিযোগ করেননি। তবে খোঁজ খবর নিয়ে দেখবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.