ফ্রান্সে রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী অবস্থান

0

আন্তর্জাতিক ডেস্ক::বাংলাদেশ সরকারের মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে আপোষনীতির বিরুদ্ধে এবং রামপাল কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র নির্মাণের প্রতিবাদে শনিবার ফ্রান্সের উবারভিলিয়ে শহরে অনুষ্ঠিত হয়ে গেল ‘ফেত দো লা ভিল’। এই মিলনমেলা থেকে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে সাক্ষর সংগ্রহ করা হয়।

উবারভিলিয়ে শহরে বসবাসরত বিভিন্ন দেশ ও জাতিগোষ্ঠীর সমন্বয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো এই শহরের উৎসব ‘ফেত দো লা ভিল’। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সকাল ১১টা থেকেই বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজ নিজ কার্যক্রম ও জাতিগত সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে অংশ নিতে শুরু করেন।

এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদ। উদীচী তার নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা, পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণ, ভাস্কর্য অপসারণ, দেশের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিসহ প্রগতিশীল আন্দোলনকারী নেতাকর্মীদের উপর হামলা, হত্যার হুমকি ও মামলার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বাংলাদেশের অসাম্প্রদায়িক সমাজ গঠন আন্দোলনের পক্ষে স্বাক্ষর সংগ্রহ করে।

উবারভিলিয়ে শহরের মেয়র মারিয়েম দারকাউই, প্রথম সহকারি মেয়র আন্তনি দাগে, মেরির আন্তর্জাতিক বিভাগের পরিচালক কার্লোস সামেদু, সহকারি মেয়র ফেতি শোদর, সহকারি মেয়র ক্যামেলা কামিলি শহরে অবস্থানরত বিভিন্ন সংগঠনের নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ বাংলাদেশের চলমান প্রগতিশীল জনগণের আন্দোলনের পক্ষে স্বাক্ষর দিয়ে সমর্থন জানান।

এছাড়া তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখা বাংলাদেশে চলমান সুন্দরবন রক্ষার আন্দোলনের পক্ষে স্বাক্ষর সংগ্রহ করে। উবারভিলিয়ে শহরের মেয়র মারিয়েম দারকাউই মনে করে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এর নিকটে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করে শুধু এরকম একটা বনাঞ্চলই নয় এটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর পবিবেশ ভারসাম্যের জন্য হুমকি স্বরূপ। তিনি সহ অন্যান্য সহকারি মেয়র এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নেত্রীবৃন্দ সুন্দরবন রক্ষার আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করে স্বাক্ষর করেন।

এই উৎসব ও স্বাক্ষর সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরন্ময় মন্ডল, উদীচী ফ্রান্স সংসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রদীপ কুমার বড়ুয়া, উদীচী ফ্রান্স সংসদের সহ সভাপতি রোজী মজুমদার, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখা সদস্য সচিব সাখাওয়াত হোসেন হাওলাদার, জাতীয় কমিটি ফ্রান্স শাখার যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার সংগঠক জুয়েল দাশ লেনিন, উদীচী ফ্রান্স সংসদের আপ্যায়ন সম্পাদক দুলাল চন্দ মিশেল, প্রচার সম্পাদক সুদেশ বড়ুয়া, উদীচী ফ্রান্স সংসদের কার্যকরী সদস্য নন্দন ধর, উদীচী ফ্রান্স সংসদের সদস্য শুভাশীষ রায় শুভ, জুলিয়া আহসান সহ আরো অনেকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.