আন্তর্জাতিক ডেস্ক::যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবাহী রণতরী ইউএসএস জন এস. ম্যাককেইনের সঙ্গে তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে মার্কিন ১০ নাবিক নিখোঁজ রয়েছেন এবং পাঁচনজন আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
স্থানীয় সময় আজ সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে সিঙ্গাপুর বন্দরের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সপ্তম নৌবহর।
যদিও তেলবাহী জাহাজের অবস্থা সম্পর্কে মার্কিন নৌ বাহিনীর বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। তবে ৩০ হাজার টনের তেলবাহী জাহাজ দ্যা অ্যালনিক এমসি লাইব্রেরিয়ার পতাকা বহন করছিল। এটি সিঙ্গাপুর থেকে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছিল বলে জানা গেছে।
ওই এলাকায় তল্লাশী অভিযান চলছে। সিঙ্গাপুরের নৌবাহিনী এবং ওই এলাকায় অবস্থিত মার্কিন জাহাজ এতে অংশ নিয়েছে। সহায়তার জন্য ওই এলাকায় অবস্থান করছে সিঙ্গাপুরের পুলিশ কোস্ট গার্ডের জাহাজ । এছাড়া, মার্কিন নৌবাহিনীর আক্রমণের কাজে ব্যবহৃত দুর্ঘটনা যুদ্ধজাহাজ ইউএসএস আমেরিকাও তল্লাশিতে যোগ দিয়েছে।
এ ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। অবশ্য দুই মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা মারাত্মক সংঘর্ষে পড়ল মার্কিন নৌবাহিনীর জাহাজ । গত ১৭ জুনে কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজেরাল্ডের মারাত্মক ক্ষতি হয়েছিল। এ ঘটনায় মার্কিন সাত নাবিক নিহত হয় । জাপানের বন্দর নগরী ইউকোসুখাতর কাছে ঘটেছিল এ দুর্ঘটনা।
সংঘর্ষের ফলে ফিটজেরাল্ডের দেহে অনায়াসে ট্রাক্টর ঢুকে যাওয়ার মতো বিশাল গর্তের সৃষ্টি হয়। দায়িত্ব পালনে গাফলতির জন্য ফিটজেরাল্ডের ক্যাপ্টেন কমোডর ব্রিস বেনসন এবং নির্বাহী কর্মকর্তা কমোডোর সিয়েন বাবিটকে অপসারণ করা হবে। দুর্ঘটনার সময়ে এ দুই কর্মকর্তা ঘুমিয়ে ছিলেন। এছাড়া, সাজা হবে মার্কিন যুদ্ধজাহাজের আরো ১২ নাবিকের।
