বিনোদন,সিটিনিউজ :: তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ার ইতি টানছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। সিদ্ধান্ত নিয়েছেন, আগামী জানুয়ারি থেকে আর অভিনয় করবেন না।
রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিক পত্রিকার সাক্ষাতকারে চলচ্চিত্রে অভিনয় ছেড়ে দেয়ার প্রসঙ্গে মিশা বলেন,
“জানুয়ারি থেকে আর কোন ছবিতে কাজ করবো না। যেসব ছবিতে কাজ করার কথা রয়েছে, সেগুলো চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করবো।“
কেন ছেড়ে দিচ্ছেন কারণ জানতে চাইলে মিশা বলেন, ‘এটা আসলে একান্তই ব্যক্তিগত কারণে, মূলত পরিবারকে একটু সময় দিতে চাচ্ছি।’
কথা প্রসঙ্গে তিনি এই পারিবারিক কাজ হিসেবেও বলেন, বড় ছেলের আমেরিকায় পড়াশুনায় তাকে সময় দেয়া, ছোট ছেলেটাকে স্কুলে নিয়ে যাওয়া, এমনকি নিজ হাতে বাজার করতে যাওয়ার মতো ইচ্ছেও পোষণ করেন মিশা। মিশার ভাষায়, শেষ বয়সে একটু নিজের হাতে ছোটমাছ বাজার কিনতে চাই, ভোজনবিলাসী মানুষ তো।’
মিশা আরো বলেন, ‘অনেকে তো শেষ সময়ে অবসরে যায়, আমি না হয় পিক আওয়ার থাকতে থাকতে বিদায় জানিয়ে অভিনয় ছেড়ে দেই।’
অভিনয় ছাড়লেও চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন তিনি। বলেছেন, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। সংগঠনে পর্যাপ্ত সময় দেব। চলচ্চিত্রের গুণগত পরিবর্তনের জন্য কাজ করব।
এ বিষয়ে ঢাকাই ছবির এ খল নায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার যা বলার সব ওখানেই (সাক্ষাতকার) বলে দিয়েছি। আমি এ সিদ্ধান্ত ভেবে চিন্তেই নিয়েছি।’
১৯৮৬ সাল থেকে মিশা সওদাগর চলচ্চিত্রে কাজ শুরু করেন। এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন তিনি।
ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন ১৯৯০ সালে। এরপর অমরসঙ্গী ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন, কিন্তু দুটোর একটিতেও সাফল্য পাননি।
পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন এবং তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় শুরু করেন।
সেখান থেকেই তার সাফল্য শুরু। এরপর প্রায় ৯০০ ছবিতে তিনি অভিনয় করেছেন এ খল নায়ক।
