চন্দনাইশ বিজিসি ট্রাস্টের উপজাতি শিক্ষার্থীরা ভয়ে হল ত্যাগ
নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ,সিটিনিউজ : চন্দনাইশ কাঞ্চননগর (বিদ্যানগর) এলাকায় বিজিসি ট্রাস্ট কতৃক পরিচালিত ওসমান আরা নার্সিং কলেজের উপজাতি শিক্ষার্থীরা বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) হল ত্যাগ করেছে হামলার ভয়ে।
জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী কাঞ্চননগর বিদ্যানগর এলাকায় বিজিসি ট্রাস্ট কতৃক পরিচালিত ওসমান আরা নার্সিং কলেজের প্রায় ১’শ শিক্ষার্থী হল ত্যাগ করেছে। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলা হওয়ায় ওসমান আরা নার্সিং কলেজের শিক্ষার্থীরা আতংকে রয়েছে। এব্যাপারে গত ১৩ সেপ্টেম্বর দুপুরে কলেজ অধ্যক্ষ ফেরদৌস আরা বেগমের সাথে ১ম, ২য়, ৩য় বর্ষের উপজাতি শিক্ষার্থীরা রুদ্ধদার বৈঠক করে। এসময় তারা তাদের উপর হামলার আশংকা করে অধ্যক্ষের সাথে আলাপ আলোচনায় মিলিত হন।
এবিষয়ে অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন বলে জানান। তবে শিক্ষার্থীরা এতেও নিরাপদদ মনে না করে গতকাল বৃহস্পতিবার সকালে হল ত্যাগ করে। এব্যাপারে অধ্যক্ষ ফেরদৌস আরা বলেছেন, বর্তমানে তার নার্সিং কলেজে দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে। তৎ মধ্যে ৭০/৮০জন শিক্ষার্থী উপজাতি। যারা বান্দরবন,কক্সবাজার, রামু, রাঙ্গামাটি, খাগড়াছড়ির অধিবাসী। এদের মধ্যে চাকমা,মারমা, রাখাইন, ত্রিপুরা উপজাতি রয়েছে।
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলার পর থেকে তারা আতংকে ছিল। তাদের কিছু বন্ধু-বান্ধব আগামী ১৬ সেপ্টেম্বর এব্যাপারে মিছিল করবে তাদের উপর হামলা করবে বলে জানানোতে তারা ভয়ে থাকে। এবিষয়ে উপজাতি সব শিক্ষার্থীরা ১৩ সেপ্টেম্বর অধ্যক্ষের সাথে বৈঠকে বসে।
এসময় তিনি বিষয়টি উধ্বতন কর্তপক্ষকে অবহিত করার পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা পাওয়ার কথাও বলেছেন। কিন্তু শিক্ষার্থীরা তাতেও আশ্বস্থ হতে না পেরে হল ত্যাগ করেছে। এখন ১ম ও ২য় বর্ষের যে সকল পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তা ইন্টারনাল পরিক্ষা হওয়ায় পরবর্তীতে নাম্বার যোগের মাধ্যমে পদক্ষেপ নেয়া যাবে বলে তিনি জানান। তা ছাড়া বিজিসি ট্রাস্ট হাসপাতালে ৬ জন উপজাতির মধ্যে সুজনা তং চঙ্গা, সিংনুসিং মারমা,হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানা যায়।
