রোহিঙ্গা ইস্যুতে বিএনপি মিথ্যাচারে লিপ্ত- সেতুমন্ত্রী

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার): রোহিঙ্গা ইস্যুতে খালেদা জিয়া এবং তার দল মিথ্যাচারে লিপ্ত রয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছেন। আর খালেদা জিয়া এবং তার দল সমালোচনা ও মিথ্যাচারে লিপ্ত রয়েছেন। আজ ৫ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে উখিয়ার কুতুপালং ও বালুখালীতে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের সময় অসংলগ্ন কথাবার্তা বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক দৈন্যতার পরিচয় দিয়েছেন। ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সংকটে খালেদা জিয়া ও তার দল পাশে থাকেনি। আর রোহিঙ্গা ক্যাম্পে এসে এক/দুই দিন থেকে চলে গেছেন ফটোসেশন করে। রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিতরণের নামে সাত দিনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে রাখেন তিনি। এরপরও সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কারণ দেরিতে হলেও তিনি রোহিঙ্গাদের পাশে এসেছেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটে আমাদের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে সারা দুনিয়া প্রশংসা করেছে। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, তুরস্ক, সৌদি আরব, ইরান ও ইউরোপিয়ান ইউনিয়নসহ সবাই এক বাক্যে বাংলাদেশের প্রশংসা করেছেন। কিন্তু বিএনপির কাছে এসব কিছুই নয়। এ সময় রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে প্রয়োজনে মিয়ানমারের ওপর জাতিসংঘের অবরোধ আরোপ করা উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, মিয়ানমারে জাতিগত যে নিপীড়ন চলছে তা গণহত্যার শামিল।প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানবিকতার দ্বার উন্মোচন করেছেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, আওয়ামীলীগ নেতা বাহা উদ্দিন নাছিম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য আশরাফ জাহান কাজল সহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

গত ২ দিন ধরে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের ব্যস্ত সময় পার করেছেন।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.