দেশে ফিরেছেন হারিরি

0

আন্তর্জাতিক ডেস্ক:: লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি শেষ পর্যন্ত দেশে ফিরেছেন। সৌদি আরব সফরে গিয়ে এক টেলিভিশন ভাষণে নিজের পদত্যাগের কথা ঘোষণা করার ১৮ দিনের মাথায় তিনি নিজ দেশে ফিরলেন।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন প্রধানমন্ত্রী হারিরির পদত্যাগপত্র গ্রহণ করেননি এবং তাকে বৈরুতে ফিরে নিজের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান।

ইরানি গণমাধ্যম পার্স টুডের খবরে বলা হয়েছে, বুধবার ভোররাতে নিজের ব্যক্তিগত বিমানে তিনি রাজধানীর বৈরুত বিমানবন্দরে অবতরণ করলে লেবাননের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এর আগে তিনি সাইপ্রাসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে দেশটির প্রেসিডেন্ট নিকোস অ্যানাসতাসিয়াদসের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাইপ্রাস সফরের আগে মঙ্গলবার সাদ হারিরি মিসর সফরে যান এবং সেখানে দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসির সঙ্গে বৈঠক করেন। কায়রোয় এক যৌথ সংবাদ সম্মেলনে হারিরি তার প্রতি সমর্থন জানানোর জন্য সিসিকে ধন্যবাদ জানান।

একই সঙ্গে তিনি বলেন, বৈরুত পৌঁছার আগ পর্যন্ত তিনি নিজের পদত্যাগ নিয়ে কোন কথা বলবেন না। হারিরি বলেন, তিনি বুধবার লেবাননের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এর আগে গত ৪ নভেম্বর নিজের পদত্যাগের কথা ঘোষণা করার পর টানা দুই সপ্তাহ রিয়াদে অবস্থান করেন হারিরি। এরপর গত শনিবার তিনি রিয়াদ থেকে প্যারিসে যান এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। ম্যাখোঁর আমন্ত্রণেই তিনি সেখানে যান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.