সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী আর নেই!

0

সিটিনিউজ ডেস্ক :: জনপ্রিয় সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী আর নেই। বৃহস্পতিবার দিনগত রাত সোয়া দুটার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

গত কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন বারী সিদ্দিকী।

বারী সিদ্দিকী দুই বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। গত বছর থেকে সপ্তাহে তিনদিন কিডনির ডায়ালাইসিস করে আসছিলেন। ডায়াবেটিস্ও ছিল তার। গত ১৭ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়লে দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ নভেম্বর শনিবার ভোররাতে বারী সিদ্দিকীকে লাইফ সাপোর্টে নেন চিকিৎসকরা। বারী সিদ্দিকীর দু’টি কিডনিই অকার্যকর হয়ে পড়ায় তাকে লাইফ সাপোর্টে নিতে হয় বলে তখন সাংবাদিকদের জানান চিকিৎসকরা।

নেত্রকোনার কারলি গ্রামের বাউল বাড়িতে সমাহিত করা হবে বারী সিদ্দিকীর মরদেহ। এই শিল্পীর শেষ ইচ্ছা অনুযায়ী সেখানে দাফন করা হবে বলে জানান বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী।তিনি বলেন, বাবা আমাদের বলে গেছেন তার শেষ ইচ্ছার কথা। মৃত্যুর পর ‘বাউল বাড়িতেই’ যেন তাকে সমাহিত করা হয়। বাবার ইচ্ছা অনুযায়ী তাকে বাউল বাড়িতে সমাহিত করা হচ্ছে।

বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য শিল্পী বারী সিদ্দিকী। সকালে গোসল ও কাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ সকাল ৭টায় ধানমন্ডি ১৪ /এ সড়কে তার বাসায় নিয়ে যাওয়া হয়।

সকাল সাড়ে ৯টায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এরপর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বারী সিদ্দিকীর মরদেহ এখন নিয়ে যাওয়া হচ্ছে নেত্রকোনায়। বাদ আসর নেত্রকোনা সরকারী কলেজ মাঠে তৃতীয় জানাজার পর বাউল বাড়িতে তাকে সমাহিত করা হবে।

বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী বলেন, বাবার প্রতি দেশের মানুষ যে ভালোবাসা দেখিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ। বাবার মরদেহ যেন নেত্রকোনায় নিয়ে যেতে পারি তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.