‘সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে’

0

সিটিনিউজ ডেস্ক :: রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতাসহ সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মানবপাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা’ শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

সর্বশেষ কয়েকমাসে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তাদেরকে ফেরাতে বাংলাদেশ সরকার কাজ করছে। এর আগে থেকেও আরও কয়েক লাখ রোহিঙ্গা অবস্থান করছে, তাদেরকেও ফেরানো হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা যেন নিরাপদে দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য সবার সহযোগিতাও প্রয়োজন। ইতোমধ্যে তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক মহল চাপ দিচ্ছে। সরকারও নানা পদক্ষেপ গ্রহণ করেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানবপাচার রোধে কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। সরকার আন্তরিকতার সাথে এটি প্রতিরোধে কাজ করছে। অ্যান্টি ট্রাফিকিং অ্যাক্ট-২০১২ প্রণয়ন করা হয়েছে। মানবপাচার প্রতিরোধে প্রতিবেশী ভারতের সঙ্গেও কাজ করছি। অনেক মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মানবপাচার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতিয়ার রহমানসহ আরও অনেকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.