আন্তর্জাতিক ডেস্ক:: জেরুজালেম ইস্যুতে মিসরের আনা প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার ভেটো দেওয়ার কারণে পাস না হওয়ায় আজ বৃহস্পতিবার তা সংস্থাটির সাধারণ পরিষদে উঠতে যাচ্ছে। কিন্তু তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণ পরিষদের সদস্য কোনো কোনো দেশের প্রতি হুমকি দিয়ে বলেছেন, প্রস্তাবের পক্ষে ভোট দিলে মার্কিন সাহায্য বন্ধ করে দেওয়া হবে।
প্রসঙ্গত, জেরুজালেম ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদ আজ এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। ১৯৩ সদস্যের এই সংস্থায় প্রস্তাবটি খুব সহজেই পাস হবে বলে মনে করা হচ্ছে। তবে এখানে প্রস্তাবটি পাস হলেও চূড়ান্ত অর্থে এর কোনো কার্যকারিতা নেই। কারণ নিরাপত্তা পরিষদে পাস না হলে তা বাস্তবায়ন করতে পারবে না জাতিসংঘ।
আর নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া) কোনো একটি দেশ প্রস্তাবে ভেটো দিলে তা আর কার্যকর হবে না। এর আগে মঙ্গলবার মিসরের ওই প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্য দেশ ভোট দিলেও শুধু আমেরিকার ভেটোর কারণে তা অকার্যকর হয়ে যায়।
ট্রাম্পের এই হুমকির আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিক্কি হেলি সাধারণ পরিষদের কিছু সদস্য রাষ্ট্রকে হুমকি দিয়ে ই-মেইল করেছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট দেশগুলোকে প্রস্তাবটির বিপক্ষে ভোট দেওয়ার কথা বলেন। যেসব দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেবে সেসব দেশের নাম যুক্তরাষ্ট্র তালিকাভুক্ত করবে বলেও জানান হেলি।
এদিকে, ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকি বুধবার অভিযোগ করেছেন, প্রস্তাবের পক্ষে ভোট না দিতে সাধারণ পরিষদের সদস্যদের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, এই হুমকি দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আবারও ভুল করছেন। সেইসঙ্গে একটি দেশ কিভাবে ভোট দেবে তা ঠিক করে দেওয়ার মাধ্যমে তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছেন।
এ বিভাগের আরও খবর
