সিটি নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ৫টি চুক্তি সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো’র একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠকে এ চুক্তি হয়।
আজ রোববার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে দ্বিপক্ষীয় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দুই নেতার উপস্থিতিতে ইন্দোনেশিয়া থেকে ‘লিকুইড ন্যাচারাল গ্যাস’ (এলএনজি) আমদানিসহ ৫টি সমঝোতা চুক্তি সই হয়।
এর আগে ১০টার কিছু আগে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এর আগে তিনি সকাল সাড়ে ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতিযাদুঘর পরিদর্শন করেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে তিনি এ সফরে আসেন। সফরকালে তিনি আজ রোববার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এ ছাড়া আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।
দুইদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় এসে পৌঁছান জোকো। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানান। কাল রাতে তার সম্মানে বঙ্গভবনে এক নৈশভোজেরও আয়োজন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
