সিটি নিউজ ডেস্কঃ হঠাৎ করে তিন দিনের বাংলাদেশ সফরে গতকাল রোববার রাতে ঢাকায় পৌঁছেছেন মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল এন. রোসেনব্লুম। তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
আজ সোমবার (২৯ জানুয়ারি) ও মঙ্গলবার (৩০ জানুয়ারি) সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, নাগরিক সমাজ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে তার মতবিনিময়ের কথা রয়েছে।
রাজনৈতিক অভিজ্ঞ মহল মনে করছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে আস্থা অনাস্থার প্রেক্ষাপটে তার সফর অনেক গুরুত্ব বহন করছে। ট্রাম্প প্রশাসনের কি বার্তা তিনি নিয়ে এসেছেন তাই এখন জানার বিষয়। বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কর্ণধার বেগম খালেদা জিয়ার মাথার উপর দুর্নীতি মামলার রায়ের খড়গ ঝুলছে, এই রায় নিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে দেশের জনগন যখন উদ্বিগ্ন তখন মার্কিন মন্ত্রীর সফর তাৎপর্যবহ।
আবার অনেকেই মনে করছেন,এ অঞ্চলের সার্বিক পরিস্থিতি সরজমিনে দেখাই তার এ সফরের মূল উদ্দেশ্য। মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন ও বাস্তচ্যুত নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব সম্প্রদায়ের গভীর উদ্বেগ ও পর্যবেক্ষণ রয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তা ডেনিয়েল এন রোজেনব্লামের বাংলাদেশ সফরকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন কূটনীতিকরা।
ঢাকায় অবস্থানকালে তিনি সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। এ ছাড়া তিনি আগামীকাল মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য ইন্দো-প্যাসিফিক রিজিওন’ শীর্ষক বক্তৃতা দেবেন । ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশসহ এ অঞ্চলের সম্পর্কের বিষয়টি তার বক্তৃতার মূল বিষয় হবে।
রোসেনব্লুম চলতি মাসেই দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারী মন্ত্রী নিযুক্ত হয়েছেন। এর আগে গত বছরের অক্টোবর পর্যন্ত তিনি শুধুমাত্র মধ্য এশিয়ার পাঁচ দেশ কাজাখস্থান, কিরগিজ রিপাবলিক, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে দায়িত্ব গ্রহণের পর এ অঞ্চলের সার্বিক পরিস্থিতি সরজমিনে দেখাই তার এ সফরের মূল উদ্দেশ্য। বাংলাদেশ সফরের পর শ্রীলঙ্কা যাবেন তিনি।
