শেখ হাসিনা কাল থেকে নির্বাচনী প্রচারণায় নামছেন

0

সিটি নিউজ ডেস্কঃ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন দেশব্যাপী নির্বাচনী সফর। আগামীকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) থেকে তিনি এ নির্বাচনী প্রচারণায় নামছেন।

এদিন তিনি সিলেট হযরত শাহজালাল (রহ.)মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন। একইদিনে তিনি সিলেটে জনসভায় বক্তব্য দেবেন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আওয়ামী লীগের দলীয় সুত্র জানায়, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনানুষ্ঠানিক প্রাক নির্বাচনী সফর। তবে নির্বাচনী তফসিল ঘোষণার পর তিনি আবারো সারা দেশে সফর শুরু করবেন।

সূত্র জানায়, মঙ্গলবার সিলেট সফরের পর ৮ ফেব্রুয়ারি বরিশালে জনসভা করবেন তিনি। এভাবে ৮টি বিভাগীয় শহরে পর্যায়ক্রমে নির্বাচনী সফর করবেন আওয়ামী লীগ সভাপতি। এরপর নামবেন জেলা সফরে।

ইতোমধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ১৫টি সাংগঠনিক টিম মাঠে নেমেছে। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে গঠিত এ টিমের সদস্যরা ২৬ জানুয়ারি থেকে সারা দেশে সফর শুরু করেছেন।

দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে মূলত তারা দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করতেই মাঠে নেমেছেন। এ সফরের মধ্য দিয়ে তারা বিভিন্ন জেলা,উপজেলায় দলীয় কোন্দল নিরসন ও কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত করছেন। আওয়ামী লীগের গঠিত ১৫টি টিম ৭৬টি সাংগঠনিক জেলা সফর করবেন।

সরকারের চার বছর পূর্তি উপলক্ষে গত ১২ জানুয়ারি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে ও কীভাবে হবে, সেই বার্তা জানিয়ে দিয়েছেন। সব দলের অংশগ্রহণ আশা করলেও সংবিধান মেনে তার নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে এটাও স্পষ্ট করেছেন তিনি।

আওয়ামী লীগ দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সিলেট সফরে মাজার জিয়ারত, রাজনৈতিক সমাবেশ ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে। দলীয় প্রধান ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন যে এখন থেকে ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর যত সরকারি সফর হবে, সবকটিতেই রাজনৈতিক সমাবেশের আয়োজন থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার সকালে সিলেট যাবেন। প্রথমে তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.) এবং গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করবেন।

আওয়ামীলীগ দলীয় একাধিক নেতা জানায়, আওয়ামী লীগকে অবারো বিজয়ী করতে হলে প্রচার-প্রচারণার প্রয়োজন আছে। গত ৯ বছরে সরকার অনেক উন্নয়ন করেছে। এসব উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মধ্যে তুলে ধরতে বিভিন্ন জনসভা ও সফরের আয়োজন করা হয়েছে। উন্নয়নের খবরগুলো জনগণ জানতে পারলে অবশ্যই আবার তারা নৌকা মার্কায় ভোট দেবেন।

তার আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। তৃণমূল পর্যায়ে দলকে প্রস্তুত করতে দলের নেতারা সাংগঠনিক সফরে নেমেছেন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভাগীয় ও জেলা সফর করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.