নিজস্ব প্রতিবেদক,সিটি নিউজ : বহস্পতিবার থেকে শনিবার চট্টগ্রামে সিএসই’র পুঁজি বাজার মেলা শুরু হবে । পুঁজিবাজার সম্পর্কে মানুষকে জানাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পুঁজিবাজার ও বিনিয়োগ মেলা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী এ মেলা নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। পুঁজিবাজার সম্পর্কে সঠিক ধারণা প্রদান এবং বিনিয়োগ জ্ঞান বৃদ্ধিঘর জন্য এই আয়োজন করা হয়েছে।
২৯ জানুয়ারী সোমবার সিএসই’র কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১ টায় মেলার উদ্বোধন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খাইরুল হোসেইন।
তিনি জানান, সাধারণ মানুষের কাছে পুঁজিবাজার সম্পর্কে সঠিক ধারণা প্রদান এবং বিনিয়োগ জ্ঞান বৃদ্ধির জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। মেলাতে ৩ ধররের স্টলের মধ্যে ৬ টি প্যাভিলিয়ন, ৮ টি মিনি প্যাভিলিয়ন, ৬৯ টি জেনারেল স্টল থাকবে।
এ মেলায় স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার্স, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানিসহ স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করবে। এ বছর প্রায় ৭০টি প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণ করবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত চলবে। এবারই মেলায় সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় টেকনিক্যাল সেশনের মধ্যে প্রথম দিন থাকবে “ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্সিং থ্রু ক্যাপিটাল মার্কেট’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দ্বিতীয় দিন টেকনিক্যাল সেশনের বিষয় ‘প্রস্পেক্টস অ্যান্ড চ্যালেঞ্জ অব ফাইনান্সিং থ্রু ক্যাপিটাল মার্কেট’।
তৃতীয় দিন টেকনিক্যাল সেশনের বিষয় ‘আনলকিং পটেনশিয়াল অব ক্যাপিটাল মার্কেট।’ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
মেলায় প্রতিদিন সকালের সেশনে নতুনদের জন্য সচেতনতামূলক ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। এতেন তরুন, বিশেষ করে শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে হাতেখড়ি দেওয়া হবে।
বিকালের সেশনে থাকবে অভিজ্ঞদের আলোচনা ও ট্রেনিং সেশন। তাছাড়া মেলায় আগত দর্শনার্থীদের মধ্য থেকে প্রতিদিন র্যাফেল ড্র এর মাধ্যমে পুরস্কার ও সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে।
মেলা কো-স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক, আবুল খায়ের স্টীল লিমিটেড, বিএসআরএম ষ্টীল লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও ইউসিবি ক্যপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ মহা ব্যবস্থাপক শাহরোজ আলম, সহকারি মহাব্যবস্থাপক আরিফ আহমদ, কর্মকর্তা মো.করিম উল্লাহ প্রমুখ।
