বিএনপি শত্রুতা ও প্রতিহিংসার রাজনীতি করে : কাদের

0

সিটি নিউজ ডেস্কঃঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়া আমাদের শত্রু নন। বিএনপিও আমাদের শত্রু নয়। কিন্তু বিএনপি আমাদের শত্রু ভাবে।

তা না হলে ১৫ আগস্ট খুনিদের মদদ দিত না। ২১ আগস্ট এ ধরনের হামলা করত না। বারবার আমাদের সঙ্গে শত্রুতা করেছে। বিএনপি শত্রুতা ও প্রতিহিংসার রাজনীতি করে।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলির সঙ্গে সহযোগী সংগঠনের এক যৌথসভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকলে কিছু না কিছু ভুল হবেই। আমরা ধোঁয়া তুলশী পাতা নই। এ দাবি আমরা করিও না। কিছু অনুপ্রবেশকারী দলের নামে অপপ্রচার করে। তারা কিন্তু ছাড় পাচ্ছে না। যেই অপরাধ করুক না কেন শাস্তি তাদের পেতেই হবে। ভালো কাজের জন্য পুরস্কার আর খারাপ কাজের জন্য তিরস্কার।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়ের আগে ও পরে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় আজ (মঙ্গলবার) থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে, প্রয়োজনে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব।

আমরা এখন ক্ষমতায় আছি। গায়ে পরে আমরা কেন দেশে অশান্তি ডেকে আনব?  তারা যদি উস্কানি দেয় হাইকোর্টের সামনে প্রিজন ভ্যানে হামলা চালানোর মতো পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মোকাবেলা করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সহযোগিতা করবে।

তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি আমাদের পক্ষ থেকে যেন কোনো প্রকার উসকানি না দেয়া হয় সেই নির্দেশনা দেয়া হয়েছে। হাইকোর্টের সামনে যারা এরকম হামলা করতে পারে তারা ৮ তারিখেও এ রকম ঘটনা ঘটাতে পারে।

বিএনপির পক্ষে এটা অসম্ভব নয়। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে তারা দেশের বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে। যদি এরকম পরিস্থিতি সৃষ্টি করা হয় জনসাধারণকে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আইন শৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা করবে।

ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার দুর্নীতি মামলা শেখ হাসিনা সরকার করেননি। এটা করেছে ফখরুদ্দিন ও মঈনুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকারের দুনীতি দমন কমিশন। খালেদা জিয়া এ মামলায় ১৫০ বার আদালতে যাওয়ার তারিখ পরিবর্তন করেছেন।

সাড়ে আট মাস মামলার কার্যক্রম ব্যহত করেছেন। এ মামলার রায় কি হবে তার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। আদালত স্বাধীনভাবে মামলার কার্যক্রম পরিচালনা করছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.