রায়ের আগে সংবাদ সম্মেলন ডেকে মায়া কান্না করার নজির নেইঃ কাদের

0

সিটি নিউজ ডেস্কঃঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের কেউ আইনের উর্ধ্বে নয়। বেগম খালেদা জিয়াও নয়। কিন্তু খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি করছেন।

আজ বুধবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে খালেদার রায় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

তিনি বলেন, রায়ের আগে সংবাদ সম্মেলন ডেকে মায়া কান্না করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আদালতের বিচারের আগে সংবাদ সম্মেলন করা পৃথিবীর ইতিহাসে নেই।

খালেদা জিয়া বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ-প্রশাসনের মধ্যে আমাদের লোক আছে। তাহলে খালেদা কেন ভয় পাচ্ছেন। ওবায়দুল কাদের বলেন, খালেদাকে নির্মূল করার বাসনা আমাদের নেই।

শেখ হাসিনার উপর খালেদা জিয়া এতো প্রতিহিংসা পরায়ণ হওয়ার পরও আওয়ামী লীগ কিছুই করেনি। বাংলাদেশের ইতিহাসে অনেক মামলার রায় হয়েছে। তিনি কিভাবে নিশ্চিত হলেন তার বিরুদ্ধে কি রায় হবে। কেন তিনি ধরে নিচ্ছেন তার বিরুদ্ধে নেতিবাচক রায় হবে?

সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি খালেদার অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত মামলার লিখিত তথ্যচিত্র তুলে ধরেন। পরে তিনি বলেন, খালেদার রায়ের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। ‍

রায়কে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি ও নোংরা খেলা শুরু করেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এই মামলার সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই। এই মামালা করেছে গত তত্ত্বাবধায়ক সরকার।

খালেদা জিয়া পারলে সেই সরকার ও দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক। এই মামলার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নেই। তবে সম্পর্ক আছে এতিমদের।

এতিমদের টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে নেওয়া কি দুর্নীতি নয়। ব্যক্তিগত নামে জমি কেনা কি দুর্নীতি নয়? এ ধরনের মামলা ৩৬০ দিনের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু এই মামলা ১০ বছর পর রায় হচ্ছে।

রায়কে কেন্দ্র করে নৈরাজ্য ও নাশকতামূলক তৎপরতা চালানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনেকগুলো ইনফরমেশন আছে, বিভিন্ন জেলা-উপজেলা থেকে তথ্য আছে- তারা নাশকতা করার সরঞ্জাম জড়ো করছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে।

এই তথ্যের ভিত্তিতে জনগণের নিরাপত্তা রক্ষা করার জন্য পুলিশকে সতর্ক হতে হয়েছে এবং নিরাপত্তা বাহিনীকে সারাদেশে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ মামলার রায় নিয়ে অপতৎপরতা চালানো হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নিবে। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে।

এ রায়কে কেন্দ্র করে এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী নগরীর বিভিন্ন পয়েন্ট তল্লাশি চালাচ্ছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কাবস্থায় রয়েছে পুলিশের পাশাপাশি র্যা ব-বিজিবি। দুপুর থেকে সারা দেশে বিজিবিও মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.