ইলিশ আজ বাংলাদেশ ইলিশ নামে ভৌগোলিক নির্দেশক পণ্যঃ প্রধানমন্ত্রী
সিটি নিউজ ডেস্কঃঃ জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। আবহমানকাল থেকেই ইলিশ বাঙালির সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। অর্থনৈতিক গুরুত্ব ও জনপ্রিয়তার মানদণ্ডেও একক প্রজাতি হিসেবে ইলিশের অবস্থান শীর্ষে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, জাতীয় মাছ ইলিশ আজ ‘বাংলাদেশ ইলিশ’ নামে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য। অনাদিকাল থেকেই আমাদের জাতীয় সংস্কৃতি, অর্থনীতি, কর্মসংস্থান ও আমিষের চাহিদা পূরণে এ মাছ অনন্য ভূমিকা রেখে আসছে।
তিনি বাণীতে উল্লেখ করেন, বাংলাদেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমাদের খাদ্যে, আমিষের শতকরা ৬০ শতাংশ যোগান দেয় মাছ। ২০০৮-০৯ সালে ইলিশের মোট উৎপাদন ছিল ২ লাখ ৯৮ হাজার ৯২১ মেট্রিক টন। ২০১৬-২০১৭ সালে ইলিশের মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৯৬ হাজার ৪১৭ মেট্রিক টনে উন্নীত হয়েছে। মাত্র আট বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৬৬ শতাংশের অধিক।
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ইলিশের স্থায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করতে বিজ্ঞানসম্মত ও সমাজবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে। সুফলভোগীদের অংশগ্রহণে অভয়াশ্রম ব্যবস্থাপনা, প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ নিষিদ্ধ, জাটকা সংরক্ষণ, সম্মিলিত বিশেষ অভিযান, মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানসহ বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ ইলিশ সমৃদ্ধ নদী অববাহিকার পাঁচ লক্ষাধিক মৎস্যজীবীর জীবন-জীবিকা বহুলাংশে ইলিশের ওপর নির্ভরশীল। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জাটকা আহরণ নিষিদ্ধকালীন ২৩৮,৬৭৩টি পরিবার এবং মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন ৩৫৬,৭২৩টি পরিবারকে মাসিক ৪০ কেজি ভিজিএফ খাদ্য সহায়তা হিসেবে প্রদান করা হচ্ছে।
মৎস্যজীবীদের জন্য প্রদেয় প্রণোদনা ও সহায়তা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ইলিশ আহরণে সম্পৃক্ত মৎস্যজীবীসহ দেশের ১৪ লাখ ২০ হাজার মৎস্যজীবীকে পরিচয়পত্র প্রদান করা হয়েছে। শেখ হাসিনা বলেন, ‘আমাদের এ সকল কার্যক্রম বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং সহজলভ্য হয়েছে’।
জাটকা সংরক্ষণ সপ্তাহ শনিবার থেকে শুরূ হয়েছে। এ সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘জাটকা ধরে করব না শেষ, বাঁচবে জেলে হাসবে দেশ।’ আজ ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদী মণ্ডল ইউনিয়নের কালিরখিল মাঠে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারা দেশেও ব্যাপক কর্মসূচী চলছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, মানুষকে সচেতন করতেই এ সপ্তাহ। এ লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
মন্ত্রণালয় সূত্র আরও জানায়, বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমাদের খাদ্যে, আমিষের শতকরা ৬০ শতাংশ যোগান দেয় মাছ।
