আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ে গণভিত্তি প্রতিষ্ঠাই ঐক্যের শক্তিঃ মাহতাব
নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন-মহান বায়ান্নের ভাষা আন্দোলনের পথ ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ’৭১ সালে স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদেরকে শুধু দলীয় ঐক্যই নয়, গণভিত্তি অর্পণে ঘরে ঘরে যেতে হবে।
তিনি আজ (২৫ ফেব্রুয়ারি ) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনোপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে কোতোয়ালী থানা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত না হলে বাঙালি জাত্তিসত্তার অস্তিত্ব থাকবে না। তাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীদের এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রধান বক্তার ভাষণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, ভাষা বাঙালি জাতিসত্তার উন্মেষকে জাগ্রত করেছে। তারপরও বাঙালির ভাষা-সংস্কৃতির উপর বিজাতীয় আগ্রাসন চলছে।
এই অপচেষ্টাকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ইতিহাসের উল্টোযাত্রা ঘটে। এই ধারাবাহিকতায় বিএনপি ষড়যন্ত্রের রাজনীতির প্লাটফরম হিসেবে আবির্ভূত হয়ে দেশকে অভিশপ্ত করেছে। এই অভিশাপ মোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লড়াই-সংগ্রামকে এগিয়ে নিতে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।
দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর, উপ দপ্তর সম্পাদক জহর লাল হাজারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির উদ্দিন সরদার, মশিউর রহমান রোকন, আলহাজ্ব সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক টিংকু বড়ুয়া, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, থানা আওয়ামী লীগ নেতা তারেক ইমতিয়াজ ইমতু, আলহাজ্ব আবুল হাশেম বাবুল, মাষ্টার জসিম উদ্দিন, বাবু সলীল চৌধুরী, ছাত্রলীগের বিকাশ দাশ।
