নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় প্লাস্টিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এন মোহাম্মদ প্লাস্টিকের পণ্য দেশের বাজার ছাড়িয়ে প্রবেশ করছে জাপানের বাজারে। এ উপলক্ষে এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সঙ্গে একটি জাপানি প্রতিষ্ঠানের চুক্তি সাক্ষরিত হয়েছে।
সোমবার নগরীর মুরাদপুরে একটি রেস্টুরেন্টে এন মোহাম্মদ প্লাস্টিক ও বহুজাতিক জাপানিজ কোম্পানি ইলইসি ( লাইফ এনজয়মেন্ট অ্যান্ড কনভেনিয়েন্স অব জাপান) এর সঙ্গে এমওইউ সাক্ষরিত হয়।
এলইসি’র পক্ষে মিয়ানাগা কাজুনোরি ও এন মোহাম্মদ প্লাস্টিকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির মহা-ব্যবস্থাপক সৈয়দ আবদুল্লাহ ফরহাদ।
এসময় সৈয়দ আবদুল্লাহ ফরহাদ বলেন, জাপানের সঙ্গে এ চুক্তি এন মোহাম্মদ প্লাস্টিক সামগ্রীর গুণগত মান আরও একবার দেশবাসীর কাছে নির্ভরযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। এর ফলে আমাদের দেশিয় পণ্য আন্তর্জাতিক বাজারে মাথা উচুঁ করে দাঁড়াবে। জাপানের মতো সমৃদ্ধশালী দেশে এন মোহাম্মদ প্লাস্টিকের পণ্য রপ্তানি হওয়া সারাদেশের জন্য গর্বের বিষয়।
তিনি বলেন, এন মোহাম্মদের পণ্যসামগ্রী জাপানের বাজারে সমাদৃত হলে আমাদের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে। শুধু তাই নয়, প্রয়োজনে এন মোহাম্মদ আরও মেশিনারিজ আমদানি করে এ খাতে বিনিয়োগ বাড়াবে। এতে অন্তত পাঁচশ লোকের কর্মসংস্থান হবে।
অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নজরুল হক বলেন, গত ৪০ বছর ধরে এন মোহাম্মদ প্লাস্টিক সুনামের সঙ্গে পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। বর্তমানে দেশের বাজারে ১’শটির অধিক ডিজাইনের পণ্য রয়েছে। জাপানের বাজারের চাহিদা অনুসারে এলইসির নিজস্ব ডিজাইনে এন মোহাম্মদ প্লাস্টিক গৃহস্থালী পণ্য উৎপাদন করে জাপানে রফতানি করবে।
জাপানের প্রতিনিধি মিয়ানগা কাজুনোরি তার বক্তব্যে বলেন, আমি খুবই উচ্ছ্বসিত। এন মোহাম্মদের প্লাস্টিক পণ্য আমাদের বিমোহিত করেছে। যে কারণে আমরা তাদের পণ্য আমাদের দেশে বাজারজাত করতে আগ্রহী হয়েছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ জাপানের কনসুল জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক ও মীর গ্রুপের এমডি আবদুস সালাম, ব্যাংকের জোনাল হেড মুজিবুল কাদের, শাখা প্রধান এফএভিপি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, এন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল হক, পরিচালক মোহাম্মদ এনামুল হক, পরিচালক মোহাম্মদ মনজুরুল হক, জাপানের কনসালটেন্সি ফার্ম জেবিবিসি এর সিইও মঈনুল তাহমিদ এবং এন মোহাম্মদ প্লাস্টিক কোম্পানির কর্মকর্তারা।
