অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে আরেকটি অভ্যুত্থান দরকার- ড.কর্নেল অলি

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী আলহাজ্ব ড. কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে আরেকটি অভ্যুত্থান দরকার। ফলক বসিয়ে মানুষের মন জয় করা যায় না। জনগণের সেবা করে সমর্থন আদায় করার কথা বলেছেন তিনি। ভারতের একটি সিম্বলে ৩টি হনুমান দেখানো হয়েছে, সেখানে খারাপ দেখবে না, খারাপ করবে না, খারাপ বলবে না, খারাপ চিন্তা করবে না।

৭৫ বছর বয়সের মধ্যে ৪৫ বছর জনগণের সেবা করে আজকের আধুনিক চন্দনাইশ প্রতিষ্ঠা করেছেন বলে তিনি দাবী করেন। এক সময় চন্দনাইশের মানুষকে কাপড় তুলে চলাফেরা করতে হতো। তাঁর সময়ের উন্নয়নের কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবার উন্নয়ন হয়েছে। দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০ শয্যা থেকে ৩১ শয্যায় উন্নীত করার পাশাপাশি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এসব কারণে চন্দনাইশের এখন প্রায় ১৬ হাজার শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। এদের মধ্যে দিনমজুর, রিক্সা চালকের ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার আইনজীবী হয়েছে। তিনি বলেন, লোভ করেন নাই বলে তাঁর তেমন কোন সম্পদও নাই।

দুদকে তাঁর বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দিয়েও তা প্রমানিত না হওয়ায় সরকার তাঁকে একটি চিঠি দিয়েছে। সরকারের একজন সফল মন্ত্রী হিসেবে দুর্নীতি করলে ১০টি গার্মেন্টস, শিল্প কারখানা, ব্যাংকের মালিক এবং দুই কোটি টাকার মালিকও হতে পারেন নি বলে তিনি দাবী করেন। কিন্তু এসব তাঁর নাই বলে তিনি দাবী করেন। তিনি চন্দনাইশকে তাঁর সাজানো বাগান হিসেবে আখ্যায়িত করে বলেছেন, মানুষের হৃদয় জয় করতে হলে সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি থেকে দূরে থাকতে হবে। চন্দনাইশকে সন্ত্রাসী, চাঁদাবাজমুক্ত করতে হবে। চন্দনাইশে বর্তমানে কোন হত্যা মামলার বিচার হচ্ছে না, খুনীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি পুলিশকে এ ব্যাপারে নিরপেক্ষ থেকে খুনীদের গ্রেফতার করার দাবী জানান। বর্তমান সরকার অগণতান্ত্রিক সরকার হিসেবে প্রতিটি নির্বাচনে রাতেই ভোট নিয়ে যাচ্ছে।

সকালে কয়েকজন পুলিশ আর সরকারি কর্মকর্তা ছাড়া কেউ ভোট কেন্দ্রে থাকে না বলে তিনি দাবী করেন। সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করে উপযুক্ত ব্যক্তিকে ভোট দেয়ার আহ্বান জানান। সমাজের অযোগ্য, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রবাজদেরকে পরিহার করে প্রকৃত দেশপ্রেমিক এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেয়ার দাবী জানান। বর্তমান সরকারের আমলে তিন বছরে তিন লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এ পাচারের সাথে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা জড়িত রয়েছে। তাদেরকে সরকার চিহ্নিত করে আটক করছে না। অগণতান্ত্রিক নির্বাচন কমিশন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে সন্ত্রাস, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীমুক্ত বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ সমাজের অহংকার হতে পারে না। তারা সমাজের অভিশাপ বলে তিনি অভিহিত করেন।

গতকাল শনিবার(৩১ ডিসেম্বর) সকালে চন্দনাইশ সদরস্থ আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজ মাঠে চন্দনাইশ পৌরসভা এলডিপি, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর এলডিপির আহ্বায়ক এম আইনুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এলডিপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ড. কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় এলডিপির সদস্য ও দক্ষিণ জেলা এলডিপির সি. সহ-সভাপতি এ জি এম শাহজাহান, গোলাম কিবরিয়া শিমুল, পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মুনছুর আলম।

পৌর যুবদলের সভাপতি মহিউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন রিয়াদ এলডিপির সভাপতি মাহবুবুল আলম, আবুদাবী এলডিপির সভাপতি মো. আবুল কাশেম, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম, এলডিপি নেতা আবিদুর রহমান বাবুল, হাজী আবদুল মাবুদ, মাষ্টার মাহফুজ মিয়া, উপজেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম খান, গাছবাড়ীয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক মহসিন, পৌল ছাত্রদলের আহবায়ক হাসান আল মাসুদ, যুগ্ম আহ্বায়ক তুষার, জসিম উদ্দিন প্রমুখ।

পরে দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে পৌর এলডিপি’র সভাপতি আলহাজ্ব এম আইনুল কবির সাধারণ সম্পাদক মো. আকতার উদ্দিন, গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি হাসান মো. আল মাসুদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন তুষারের নাম ঘোষণা করা হয়। কমিটি ঘোষাণার পর পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুরোধের গান নিয়ে পক্ষদ্বয়ের মধ্যে চেয়ার ছুঁড়াছুড়িতে চন্দনাইশ সদরস্থ হাজির পাড়ার ইদ্রিস মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৩), গাবতল এলাকার সিরাজুল মোস্তফার ছেলে সাইমন (৮) সহ পাঁচজনের অধিক আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। (ছবি আছে)

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.