টাইগারদের শুরুটা ভালো হলেও দিন শেষে বড় সংগ্রহ লঙ্কানদের

0

স্পোর্টস ডেস্ক::গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মঙ্গলবার প্রথমদিন শেষে স্বাগতিকদের সংগ্রহ চার উইকেট হারিয়ে ৩২১ রান। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা।

আজ শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ১৬৬ রান করে অপরাজিত থাকেন কুসল মেন্ডিস। ৮৫ রান করে আউট হন আসেলা গুনারত্নে। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ১টি, শুভাশিস রায় ১টি, তাসকিন আহমেদ ১টি ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।

এদিন সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ইনিংসের ষষ্ঠ ওভারে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপে আঘাত হানেন টাইগার পেসার শুভাশিস রায়। ওপেনার উপুল থারাঙ্গাকে বোল্ড করেন তিনি। থারাঙ্গার ব্যক্তিগত সংগ্রহ ৪ রান।

শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ যখন ৬০ রান তখন অপর ওপেনার দিমুথ করুণারত্নেকে বোল্ড করেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। করুণারত্নের ব্যক্তিগত সংগ্রহ ৩০ রান।

বাংলাদেশ তৃতীয় শিকারটি করে ইনিংসের ৪০তম ওভারে। মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ বানিয়ে দিনেশ চান্দিমালকে দ্রুতই ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। চান্দিমাল মাত্র ৫ রান সংগ্রহ করেন।

এরপর কুসল মেন্ডিস ও আসেলা গুনারত্নে মিলে ১৯৬ রানের পার্টনারশীপ গড়েন। লঙ্কানদের দলীয় সংগ্রহ যখন ২৮৮ তখন আসেলা গুনারত্নেকে বোল্ড করেন তাসকিন আহমেদ। গুনারত্নের ব্যক্তিগত সংগ্রহ ৮৫ রান। দিন শেষে কুসল মেন্ডিসের সঙ্গে ব্যক্তিগত ১৪ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন নিরোশান ডিকওয়েলা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩২১/৪ (৮৮ ওভার)

(দিমুথ করুণারত্নে ৩০, উপুল থারাঙ্গা ৪, কুসল মেন্ডিস ১৬৬*, দিনেশ চান্দিমাল ৫, আসেলা গুনারত্নে ৮৫, নিরোশান ডিকওয়েলা ১৪*; মোস্তাফিজুর রহমান ১/৫০, তাসকিন আহমেদ ১/৪৮, মেহেদী হাসান মিরাজ ১/৬৬, শুভাশিস রায় ১/৫৮)

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.