নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ: চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩ কর্মকর্তা চট্টগ্রামে ডেপুটেশনে থাকার পাশাপাশি তিনটি পদ খালি থাকায় বিভিন্ন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। যারা রয়েছেন কার্যক্রম পরিচালনায় তাদের হিমশিম খেতে হচ্ছে।
জানা যায়, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সি.এ, ষাঁট মুদ্রাক্ষরিক, সার্টিফিকেট সহকারী তিনজনই ডেপুটেশনে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে চাকুরী করলেও বেতন ভাতা উত্তোলন করেন চন্দনাইশ থেকে। ফলে এ পদে আর লোক পাচ্ছে না চন্দনাইশ উপজেলা প্রশাসন।
অপরদিকে তিনজন অফিস সহকারীর মধ্যে একজন অফিস সহকারী ইতিমধ্যে বাঁশখালী উপজেলায় বদলী হয়েছেন। তাছাড়া পরিচ্ছন্ন কর্মী-২ জনের মধ্যে একজন, ফটোষ্ট্যাট মেশিন অপারেটর ১ জন সহ ২টি পদ খালি রয়েছে। হিমশিম খেতে হচ্ছে চন্দনাইশের সেবা নিতে আসা সাধারণ মানুষের।
অপরদিকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা ডেপুটেশনে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে থাকায় অফিস সহকারীদের তাদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়তে হচ্ছে। পাশাপাশি তাদের অতিরিক্ত দায়িত্বের কারণে অনেকে বদলীর জন্য চেষ্টা চালাচ্ছেন বলেও জানা যায়। ফলে সাধারণ নাগরিকেরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে এলাকার সচেতন মহল উর্দ্ধতন কর্তৃপক্ষ তথা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন।
