সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের শান্তি বজায় রাখার স্বার্থে যেনতেনভাবে ক্ষমতায় যেতে চান না আমার এমন কোনো আকাঙ্ক্ষা নেই যে যেনতেনভাবে ক্ষমতায় আসতে হবে। জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারি, আলহামদুলিল্লাহ। যদি না পারি কোনো অসুবিধা নেই। কিন্তু দেশে শান্তি বজায় থাকুক।
আজ বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক এই ব্যবসায়ী সম্মেলনের আয়োজক ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আমি অনেক কিছু সহ্য করেও সবার সাথে বসে কথা বলেছি। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বসে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেছি। সবাইকে বলেছি নির্বাচনে অংশগ্রহণ করতে। আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক।
এখন ‘সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ’ আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অনেকগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করছে। শান্তিপূর্ণভাবে যেন নির্বাচনটা হয়, সেই পরিবেশটা যেন থাকে। এখানে জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে।
‘তারপরও আমি বলব, আজকে এতগুলো কাজ হাতে নিয়েছি। আমরা কোনোদিক বাদ রাখিনি। অনেকগুলো কাজ হাতে নিয়েছি। সেটা যেন বাস্তবায়ন করতে পারি’, যোগ করেন শেখ হাসিনা।
উন্নয়নের ধারাবাহিকতার রক্ষায় নৌকা মার্কায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ২০২১ সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব, এই সুযোগ আমি দেশবাসীদের কাছে চাই।
তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার আরেকবার সুযোগ দিন, আমরা উন্নয়নের কাজগুলো যেন শেষ করতে পারি। যদিও এর কোনো শেষ নেই। উন্নয়ন অব্যাহত থাকবে, তবুও যে কাজগুলো হাতে নিয়েছি তা যেন শেষ করতে পারি, এটাই আমি চাই।
বাংলাদেশ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। জাতির পিতা বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সুইজারল্যান্ডের ভৌগোলিক অবস্থানটা যদি দেখেন তাহলে দেখবেন ইউরোপের একদিক থেকে আরেকদিকে যেতে গেলে সুইাজারল্যান্ডকে ব্যবহার করতে হয়। একটা শান্তিপূর্ণ দেশ। বঙ্গবন্ধু বাংলাদেশকেই সেভাবে গড়ে তুলতে চেয়েছিলেন।
বঙ্গবন্ধু প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন রচনা করতে চেয়েছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার জন্য প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন। সে উন্নয়নের কাজও আমরা হাতে নিয়েছি।
জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস থাকলে দেশে কোনো উন্নতি হয় না। কাজেই আমরা চাই দেশে শান্তিপূর্ণ অবস্থা থাকুক।
সম্মেলনে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রবীণ ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, রোকেয়া আফজাল হোসেন, মীর নাসির হোসেন, সুফি মিজানুর রহমান, এ কে আজাদসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।
