চট্টগ্রামের ৩০ সদস্যের পুলিশ টিম প্লাজমা দিতে ঢাকায়
সিটি নিউজঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল প্লজমা দিতে ঢাকায় পৌঁছেছেন। দায়িত্বপালনকালে করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন তারা। সিএমপির করোনাজয়ী ৩০ পুলিশ সদস্য এখন সহকর্মীদের বাঁচাতে প্লাজমা দিতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পৌঁছেছেন ।
আজ বুধবার (২৬ আগষ্ট) সকালে শহরের দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে করোনাজয়ী সিএমপির এ সদস্যরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। এ সময় সিএমপি কমিশনারের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, দেশমাতৃকার সেবায় নিয়োজিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই সদস্যরা করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই জনগণকে সুরক্ষা দিতে গিয়ে নিজেরাও করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে সঠিক চিকিৎসা ও যথাযথ পরিচর্যায় দ্রুত সুস্থ হয়ে প্লাজমা দানের উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি আরো বলেন, নগরবাসীর সুরক্ষায় দায়িত্ব পালনকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে হারিয়েছে তাদের ৫ জন সদস্যকে। তবুও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম, হাসপাতাল স্থাপন, জন সচেতনতা সৃষ্টিসহ করোনা প্রতিরোধে সিএমপির গৃহীত নানাবিধ উদ্যোগসমূহের কার্যক্রম এখনও চলমান রয়েছে।
