সাকিবকে জন্সব সুবিধাই দেবে বিকেএসপি

0

স্পোর্টস ডেস্কঃ বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাশিদুল হাসান জানিয়েছেন, জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানকে অনুশীলনের সুযোগ করে দিতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি। ব্যাটিং-বোলিং-জিম সুবিধার পাশাপাশি সাকিবের জন্য মনোবিদকেও প্রস্তুত রাখা হয়েছে। এদিকে, সাকিবকে পুরনো ফর্মে ফেরাতে সমন্বয় করে অনুশীলন করাবেন বিকেএসপির ক্রিকেট বিভাগের শিক্ষকরা।

ঘরের ছেলে ফিরছে ঘরে, তাই হয়তো বিকেএসপির সবুজ ঘাসগুলো হয়েছে আরো সবুজ। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপর পুরনো ঠিকানা বিকেএসপিতে মাতবে সাকিব জাদুতে। এই মাঠ এই ইনডোরে যেন ফিরে পাবে প্রাণ।

লঙ্কা সিরিজ দিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ফেরাটা মোটামুটি নিশ্চিত। তবে এখনও আইসিসির নিষেধাজ্ঞা বলবৎ থাকায় মিরপুরে নয় বরং বিকেএসপিতেই অনুশীলন করবেন মিস্টার সেভেন্টি ফাইভ। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে তার পুরনো রিদমে ফেরাতে সব ধরনের পদক্ষেপই নেবে বিকেএসপি কর্তৃপক্ষ।

বিকেএসপি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাশিদুল হাসান বলেন, ‘যেহেতু সে আমাদেরই সন্তান, প্রাক্তন ছাত্র সুতরাং তার মতো নাম্বার ওয়ান ক্রিকেটার এখানে আসছে তাতে আমরা উৎফুল্ল। সে এক বছর ক্রিকেটের বাইরে ছিল। তার ফিটনেস এবং টেকনিক্যাল গ্রাউন্ডে কিছু কাজ করতে হবে। যাদের হাতে সাকিবের হাতেখড়ি হয়েছে তারাও প্রস্তুত আছে।’

এখানেই শেষ নয়। মনোবিদের সঙ্গে একাধিক সেশনে অংশ নেবেন সাকিব। তার টেকনিক নিয়ে করা হবে বিশেষ কাজও।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাশিদুল হাসান আরো বলেন, ‘লম্বা সময় মাঠের বাইরে থাকায় তার কিছু মানসিক ঘাটতি থাকতে পারে। তার জন্য মনোবিদও নিয়োগ দেয়া হবে।’

সব ঠিক থাকলে ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করা কথা সাকিবের। তবে তার আগে সাকিবকেও করতে হবে কোভিড টেস্ট।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.