পাট খাতের উন্নয়নে ১২টি টাস্ক ফোর্স গঠন

0

অর্থবাণিজ্য ডেস্ক :: পাটকলগুলোর লোকসান কমানো এবং পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধিসহ এ খাতের সার্বিক উন্নয়নে ১২টি টাস্ক ফোর্স গঠন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। গঠিত এ টাস্ক ফোর্স নীতিমালার আলোকে দেশে পাটকলগুলো পরিদর্শন, পাটের চাহিদা, উৎপাদন, মজুদসহ, আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

চলতি বছরের ৩ সেপ্টেম্বর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে সকল কর্মকর্তাদের নিয়ে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্তের আলোকে গত ১৫ অক্টোবর ১২টি টাস্ক ফোর্স গঠন করে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এ ১২টি টাস্ক ফোর্সে মোট সদস্য সংখ্যা ২৫জন। আর টাস্ক ফোর্সগুলো রাষ্ট্রয়াত্ব ২৫টি পাটকল দেখভাল করবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিবদের সমন্বয়ে এ টাস্ক ফোর্সগুলো গঠন করা হয়েছে।

টাস্ক ফোর্সের কার্যক্রম সম্পর্কে আদেশে বলা হয়েছে, টাস্ক ফোর্সগুলো নীতিমালার আলোকে পাট ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকরি ক্রয় ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে কি না -তা পরীক্ষা করবে। একই সঙ্গে মিলগুলোর উৎপাদন ব্যয় হ্রাস করে লোকসান কমানোর পদ্ধতি প্রয়োগ, উৎপাদিত পণ্য বিক্রয় নীতিমালার প্রয়োগ ও মিলের স্টক লট কমানো হচ্ছে কি না টাস্কফোর্স এগুলো যাচাই করে দেখবে।

এছাড়া মিলের সকল সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না -তা যাচাই করা। মিলের মোট জমি, ব্যবহৃত জমির পরিমাণ নির্ধারণ ও অ-ব্যবহৃত জমিতে কতগুলো প্লট করা যাবে তা নির্ধারণ করা। মিলের গত তিন বছরের আয়-ব্যয় পরীক্ষা করা। মিলের ক্রয় করা পাটের চাহিদা ও উৎপাদনে ব্যবহৃত পাট ও স্টক যাচাই-বাছাই করবে গঠিত টাস্ক ফোর্স।

টাস্ক ফোর্সের সদস্যরা হলেন- ১ নম্বর টাস্ক ফোর্সে রয়েছেন অতিরিক্ত সচিব (প/বি) ও উপ-প্রধান (পরিকল্পনা)। এ দলটি বাংলাদেশ জুট মিলস ও করিম জুট মিলস দেখভাল করবেন।
২ নম্বর টাস্ক ফোর্সে রয়েছেন অতিরিক্ত সচিব (প্রশাসন) ও উপ-সচিব (সসে)। এ দলটি জাতীয় (কওমী) জুট মিলস ও রাজশাহী জুট মিলস দেখভাল করবেন।
৩ নম্বর টাস্ক ফোর্সে রয়েছেন যুগ্ম সচিব (বস্ত্র) ও উপ-সচিব (বস্ত্র)। এ দলটি লতিফ বাওয়ানী জুট মিলস ও ইউএমসি জুট মিলস দেখভাল করবেন।
৪ নম্বর টাস্ক ফোর্সে রয়েছেন যুগ্ম সচিব (পাট) ও উপ-সচিব (পাট)। এ দলটি জুটো-ফাইবার গ্লাস মিলস ও আমিন জুট মিলস দেখভাল করবেন।
৫ নম্বর টাস্ক ফোর্সে রয়েছেন যুগ্ম সচিব (বাজেট) ও সিনিয়র সহকারী সচিব (বাজেট)। এ দলটি গুল আহমেদ জুট মিলস ও হাফিজ জুট মিলস দেখভাল করবেন।
৬ নম্বর টাস্ক ফোর্সে রয়েছেন যুগ্ম সচিব (প্রশাসন) ও উপ-সচিব (প্রশাসন-১)। এ দলটি কর্ণফুলী জুট মিলস ও ফোতারা কর্ণফুলী কার্পেট ফ্যাক্টোরী দেখভাল করবেন।
৭ নম্বর টাস্ক ফোর্সে রয়েছেন যুগ্ম সচিব (বেওবি) ও সিনিয়র সহকারী প্রধান (পরিকল্পনা-১)। এ দলটি এম এম জুট মিলস ও আর আর জুট মিলস দেখভাল করবেন।
৮ নম্বর টাস্ক ফোর্সে রয়েছেন যুগ্ম সচিব (বস্ত্র-২) ও উপ-সচিব (প্রশাসন-১)। এ দলটি বাগদাদ-ঢাকা কার্পেট ফ্যাক্টরী ও গালফ্রা হাবিব দেখভাল করবেন।
৯ নম্বর টাস্ক ফোর্সে রয়েছেন যুগ্ম সচিব (অডিট) ও সিনিয়র সহকারী সচিব (বাজেট শাখা)। এ দলটি মিলস ফার্নিসিং ও কার্পেটিং জুট মিলস দেখভাল করবেন।
১০ নম্বর টাস্ক ফোর্সে রয়েছেন যুগ্ম সচিব (প্রশা.অধিশাখা) ও সহকারী সচিব (প্রশাসন-২)। এ দলটি আলীম জুট মিলস ও ইষ্টার্ণ জুট মিলস দেখভাল করবেন।
১১ নম্বর টাস্ক ফোর্সে রয়েছেন যুগ্ম সচিব (পাট-২) ও সচিবের একান্ত সচিব। এ দলটি খালিশপুর (পিপলস) জুট মিলস ও ক্রিসেন্ট জুট মিলস দেখভাল করবেন।
১২ নম্বর টাস্ক ফোর্সে রয়েছেন যুগ্ম সচিব (পাট-৩), উপ-সচিব (বস্ত্র-৩) ও সিনিয়র সহকারী প্রধান (পরিকল্পনা-১)। এ দলটি প্লাটিনাম জুবিলী জুট মিলস, ইষ্টার জুট মিলস ও দৌলতপুর জুট মিলস দেখভাল করবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.