অর্থবাণিজ্য ডেস্ক : তিনটি প্রতিষ্ঠানের এলসিতে অনিয়ম, জালিয়াতি ও মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য খালাসের অপরাধ খুঁজে পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট।
প্রতিষ্ঠান তিনটি হলো ওয়ান স্টার কর্পোরেশন, রাত্রী ট্রেডিং ও আরজেএম কর্পোরেশন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও ঢাকা কাস্টম হাউসকে পাঠানো চিঠিতে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানের তিনটির ব্যাংকে ভুয়া এলসি ও এলসির অপব্যবহারের প্রাথমিক তথ্য পেয়েছে শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট। এর মধ্যে ৪৮, কাজী নজরুল ইসলাম এভিনিউ ঠিকানা ব্যবহারকারী আমদানিকারক ওয়ান স্টার কর্পোরেশন উত্তরা ব্যাংক কারওয়ানবাজার শাখার মেয়াদ উত্তীর্ণ এলসি ব্যবহার করে পণ্য খালাস করেছে।
এদিকে সংশোধনী ছাড়াই এলসিএর মূল্যের চেয়ে দ্বিগুণ মূল্যের পণ্য খালাসে একাধিকবার একই এলসি ব্যবহার করেছে রাত্রী ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। অপর আমদানিকারক প্রতিষ্ঠান আর.জে.এম কর্পোরেশনের বিরুদ্ধে একেবারে ভুয়া এলসি ব্যবহার করে পণ্য আমদানির তথ্য পেয়েছে এনবিআর।
