সিটিনিউজ ডেস্ক::স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আধুনিক মানসম্পন্ন ও বসবাস উপযোগী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে খুব শিগগিরই ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়ন করা হবে।
রোববার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ড্যাপ রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ১০ম সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ড্যাপ বাস্তবায়ন ভূমির ব্যবহার পরিবর্তন সংক্রান্ত বিষয়ে পানির চাহিদা ও সরবরাহের বিষয়টি অধিকতর গুরুত্ব প্রদান করতে হবে।
ভূমির শ্রেণি পরিবর্তন সংক্রান্ত আপত্তিগুলোও দ্রুত নিষ্পত্তির তাগিদ প্রদান করে মন্ত্রী বলেন, সরকার ঢাকা মহানগরীর নাগরিক সুবিধাসমূহ বৃদ্ধি ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকাকে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ভাগ করেছে। ঢাকা শহরের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শহরও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ড্যাপ বাস্তবায়িত হলে ঢাকা মহানগর অন্যতম বসবাসযোগ্য নগরী হিসেবে পরিণত হবে।
ড্যাপ বাস্তবায়নে পানির ব্যবহার ও জলাধার ব্যবস্থাপনার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ৮০ ভাগ পানি ভূ-গর্ভস্থ উৎস থেকে এবং ২০ ভাগ ভূ-উপরিস্থ উৎস থেকে সরবরাহ করা হয়। এ কারণে পানির স্তর ক্রমশ নিচে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পুরো দেশ এক সময় মরুভূমি হয়ে যাবে।
তিনি আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ৮০ ভাগ পানি ভূ-উপরিস্থ উৎস হতে সরবরাহ করা হবে। এরপরও পানির যদি প্রয়োজন হয় তাহলে ২০ ভাগ ভূ-গর্ভস্থ উৎস থেকে সরবরাহ করা হবে। এ জন্য মেগা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সরকার ইতোমধ্যে সারা দেশব্যাপী ৩ হাজার পুকুর খননে ৩শ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে।
সভায় পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রাকৃতিক জলাধারসহ অন্যান্য জলাধারসমূহ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে এবং ড্যাপ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, পরিবেশ ও বন সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, নৌ-পরিবহন সচিব অশোক মাধব রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
