নগরীতে বাণিজ্যিক ভবন বৃদ্ধি পেলে ব্যবসায়ীদের আয় বাড়বে
সিটিনিউজ ডেস্ক :: আয় বর্ধক প্রকল্পের অধীনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর ১৬ নং ওয়ার্ডে অবস্থিত চকবাজার কাঁচা বাজার সম্প্রসারন ও আধুনিকায়ন করছে।
পুরাতন কাঁচা বাজার ভেঙ্গে নতুন ভবন নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যে প্রথম তলার ছাদ পিলারের কাজ চলমান।
৭ তলা ফাউন্ডেশনের এ কাঁচা বাজারের প্রথম পর্যায়ে ৩ তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।
পর্যায়ক্রমে অন্যান্য তলার কাজ সম্পন্ন হবে। প্রাথমিক পর্যায়ে ৫ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে চলমান নির্মাণকাজ চলছে। ২য় তলা পর্যন্ত ১৫২ টি দোকান এবং প্রতিটি ফ্লোরে ৭৬ টি দোকান থাকবে।
তন্মধ্যে পুরাতন দোকানদারদের জন্য ইতোমধ্যে ১০৭ টি দোকান বরাদ্দ দেয়া হয়েছে। বাকী ৪৫ টি দোকান বরাদ্দের অপেক্ষায় আছে।
এ ভবনটিকে পরিকল্পিতভাবে বাণিজ্যিক ভবন হিসেবে গড়ে তোলা হবে।
শুক্রবার(২৮ জুলাই)চসিক মেয়র সকালে সরেজমিনে উক্ত ভবন সম্প্রসারন ও আধুনিকায়নের কাজ পরিদর্শন করেন।
তিনি ঘুরে ঘুরে ভবনের নির্মাণ কাজ প্রত্যক্ষ করেন। পরে তিনি পাশের কাঁচা বাজার ঘুরে দেখেন।
এসময় তিনি সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয় বর্ধক প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
সে লক্ষে চকবাজার কাঁচা বাজার সম্প্রসারন ও আধুনিকায়ন এর কাজ হাতে নিয়েছে। এভবনটি পূর্ণাঙ্গ নির্মিত হলে আয়ের পথ বৃদ্ধি পাবে।
মেয়র বলেন, নতুন ভবন নির্মাণের পর পাশের জায়গায় আরেকটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।
যেখানে পার্কিং সহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। মেয়র পর্যায়ক্রমে খালি জায়গা সমূহে বাণিজ্যিক ভবন নির্মাণ করে কর্পোরেশনের আয়ের পথকে আরো সুগম করা হবে বলে অভিমত ব্যক্ত করেন।
নগরীতে বাণিজ্যিক ভবন বৃদ্ধি পেলে অনেক ব্যবসায়ীর আয় রোজগারের পথ খুলে যাবে। তিনি আশা করেন বাণিজ্যিক নগরী চট্টগ্রাম ধীরে ধীরে পূর্ণাঙ্গতা পাবে। অচিরেই বিশ্বমানের নগরী হিসেবে গড়ে উঠবে চট্টগ্রাম।
মেয়র আ জ ম নাছির উদ্দীন নগরবাসীর সার্বিক সহযোগিতায় চট্টগ্রামকে একটি মডেল বাণিজ্যিক ও বন্দর নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় ১৬ নং চক বাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, তত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদুল আলম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, সহকারী এষ্টেট অফিসার এখলুছ উদ্দিন আহমদ. সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, চসিক কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন ।
