রোহিঙ্গাদের ফেরত নিতে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত

0

শাহজাহান চৌধুরী শাহীন,কক্সবাজার :: যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইমন হেনশ এর নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধিদল শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

এসময় সাইমন হেনশ সাংবাদিকদের বলেন, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ অব্যাহত রেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। আগামীতে আরো চাপ সৃষ্টি করবে।

তিনি বাংলাদেশের প্রশংসা করে বলেছেন, বাংলাদেশের মতো একটি ছোট দেশ এই বিপুল সংখ্যক মানুষকে আশ্রয় দেয়া নজির বিহীন। আমরা এই সংকটময় কালে বাংলাদেশের পাশে আছি এবং থাকবো।

এর আগে ২২ সদস্যের একটি প্রতিনিধিদল সকালে কক্সবাজার বিমান বন্দরে পৌছেন। পরে দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি দেখেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন।

এছাড়াও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর পরিচালিত শিশুদের বিভিন্ন স্কুল পরিদর্শন করেন এবং শিশুদের সাথে কিছুক্ষণ সময় কাটান।

প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন, গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট বাসবি, দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টম ভাজদা, পূর্ব-এশিয়া ও প্যাসিফিক বিষয়ক ব্যুরোর অফিস ডিরেক্টর প্যাট্রিসিয়া মাহোনি।

তারা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ও মিয়ানমারে থাকবেন। এ সময় তারা মিয়ানমারের রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোচনা করবেন। একইসঙ্গে জন্মভুমি থেকে বলপ্রয়োগের মাধ্যমে বিতাড়িত রোহিঙ্গাদের মানবিক সহায়তা বাড়ানোর বিষয় নিয়েও আলোচনা করার কথা রয়েছে।

মার্কিন প্রতিনিধিদলটি একইভাবে মিয়ানমার সফর করবেন। এসময় মিয়ানমারে কূটনীতিক সম্প্রদায়, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, জাতিসংঘসহ আন্তর্জাতিক ও এনজিও অংশীদারদের সঙ্গে চলমান সংকট নিয়ে আলোচনা করবেন। রাখাইনে তারা শর্তহীনভাবে ত্রাণ সংস্থা ও সংবাদকর্মীদের প্রবেশের অনুমতি চাইবেন। এছাড়া বিতাড়িত রোহিঙ্গাদের যেন সসম্মানে ও নিরাপদে রাখাইনে প্রত্যাবাসন-প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.