সিটিনিউজ ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক-পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র নয়, বিএনপি এখন খাদের কিনারায়।
সোমবার (২৭ নভেম্বর) ৯০ এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন এর ২৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সব কিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন অস্ত্রের ভাষায় কথা বলছে।
খালেদা জিয়ার উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র না থাকলে আমাদের সিপিসি সম্মেলন হলো কিভাবে। খালেদা জিয়া মাঠের রাজনীতি ছেড়ে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন।
তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি কফিনের ভিতরে গণতন্ত্রের লাশ। বিএনপি সম্প্রদায়িক অপশক্তির সাথে আঁতাত না করলে আওয়ামী লীগকেও স্বৈরাচারের সাথে জোট করতে হতো না।
শহীদ ডা. মিলনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, তারুণ্য ও ছাত্র রাজনীতির প্রতিকৃতি হলো ডা. মিলন।
