সিটি নিউজ ডেস্কঃ হাইকোর্ট লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে বদলির নির্দেশ দিয়েছেন। চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ হেফাজতে থাকা এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার ঘটনায় ওসি মো. শাহজাহানকে বদলির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার (২৯ জানুয়ারী) সকালে এ আদেশ দেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, চট্টগ্রামের লোহাগড়া থানার আধুনগর সর্দারনীপাড়ার মো. বেলাল উদ্দীনকে ২০১৭ সালের ১৪ অক্টোবর মোবাইল কোর্টের মাধ্যমে আট মাসের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে রিট করেন বেলাল।
পরে লোহাগাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম, ওসি মো. শাহজাহান, এসআই হেলাল খান ও ওয়াসিমকে তলব করেন ও এবং ব্যাখ্যা চান হাইকোর্ট। পরে আজ সোমবার সকালে আদালতে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
মনজিল মোরসেদ আরও বলেন, অন্য একটি মামলায় ২০১৭ সালের ১৩ অক্টোবর মো. বেলাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে চালান করে পুলিশ। কিন্তু ১৪ অক্টোবর ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী দেখানো হয়, ১৪ অক্টোবর দিন ১২টা ১০ মিনিটে দুই পুড়িয়া গাঁজাসহ তার গ্রামের বাড়ি থেকে ধরা হয়। এতে বোঝা যায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ভ্রাম্যমাণ আদালত বেলাল উদ্দিনকে সাজা দেয়। যা সংবিধান ও আইনের পরিপন্থী।
